নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি :
টানা বর্ষণের জেরে বিপর্যস্ত পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকের পরিকাঠামো। একাধিক জায়গায় কজওয়ে ধসে গিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা। পরিস্থিতি খতিয়ে দেখতে মাঠে নেমেছেন বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাতো। জানা গিয়েছে, খুব শীঘ্রই এলাকা পরিদর্শনে পৌঁছাচ্ছেন রাজ্যের পূর্ত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নদিয়ারচাঁদ বাউরি।
নিম্নচাপের জেরে সাম্প্রতিক বৃষ্টিতে সবথেকে বেশি প্রভাব পড়েছে বাঘমুন্ডি, ঝালদা ও জয়পুর ব্লকে। শুক্রবার পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রশাসনিক কর্তাদের নিয়ে সরজমিনে তদারকি শুরু করেন বিধায়ক রহিদাস মাহাতো। সঙ্গে ছিলেন বাঘমুন্ডির বিডিও আর্য তা। এদিন তাঁরা তুনতুড়ি-সুইসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুনতুড়ি থেকে গাগি যাওয়ার ক্ষতিগ্রস্ত কজওয়েটি ঘুরে দেখেন। পাশাপাশি, গাগি থেকে সুইসা বাজার যাওয়ার পথে যে কজওয়েটি ভেঙে ভেঙে পড়েছে, সেটিও খতিয়ে দেখেন তাঁরা।
এর আগে বৃহস্পতিবার ঝাড়খণ্ড সীমান্ত ঘেঁষা পুস্তি গ্রাম পঞ্চায়েতের চককেরিয়ারি গ্রামের কাছে ক্ষতিগ্রস্ত কজওয়ে পরিদর্শনে গিয়েছিলেন বিধায়ক। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন ঝালদা-১ ব্লকের বিডিও অভীক বন্দ্যোপাধ্যায় এবং পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো।