নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার পুরুলিয়া জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়ারও আশঙ্কা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার বদলের সঙ্গে মঙ্গলবার পুরুলিয়াতেও বাড়ল বৃষ্টির পরিমাণ। ২২ সেপ্টেম্বর জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ২২.০৩ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বলরামপুরে, ৪২.২ মিমি। বাঘমুণ্ডিতে ২৯.২, পুঞ্চায় ২৮.৮, নিতুড়িয়ায় ২৮, পাড়ায় ২৬, হাতোয়াড়ায় ২৬, ঝালদায় ২০.৬, হুড়ায় ২০.৪ এবং মানবাজারে ২০.৩ মিমি বৃষ্টি হয়েছে।
এ ছাড়া সাঁতুড়িতে ১৪.২, কাশিপুরে ১২, জয়পুরে ১০.৫ এবং বরাবাজারে ৮.২ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে। অর্থাৎ এ দিন জেলার সবকটি বৃষ্টিমাপনী কেন্দ্রেই বৃষ্টি হয়েছে।
বৃষ্টির জেরে এ দিন তাপমাত্রাও কিছুটা কমেছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩.৬ ডিগ্রি।