রাজনীতি শহর

বেড়ে গেছে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ, আনন্দে পুরুলিয়া শহরে মিছিল মহিলাদের

অন্নপূর্ণা যোজনায় রাজ্য সরকারের বরাদ্দ ৩৬ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৪৮ হাজার কোটি টাকা করার খুশিতে রাজপথে নামল ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা। স্কিমের বরাদ্দ বাড়ায় একযোগে রাজ্যের প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে পৌঁছাতে চলেছে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা।
বেড়ে গেছে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ, আনন্দে পুরুলিয়া শহরে মিছিল মহিলাদের

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

অন্নপূর্ণা যোজনায় রাজ্য সরকারের বরাদ্দ ৩৬ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৪৮ হাজার কোটি টাকা করার খুশিতে রাজপথে নামল ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা। স্কিমের বরাদ্দ বাড়ায় একযোগে রাজ্যের প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে পৌঁছাতে চলেছে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা।

এই উপলক্ষে পুরুলিয়ায় বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে ধন্যবাদ জ্ঞাপন মিছিলে পা মেলালেন দলের কর্মী-সমর্থকেরা।

মিছিলে উপস্থিত থেকে পুরুলিয়া জেলা বিজেপির সহ-সভাপতি সৌরভ সিনহা সরকারের একাধিক জনকল্যাণমুখী সিদ্ধান্তের কথা তুলে ধরে বলেন, "গতকাল পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় চালু করেছেন আয়ুষ্মান ভারত প্রকল্প। এই প্রকল্পের আওতায় দুটি স্তর রয়েছে  আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। এই দুটি যোজনার মাধ্যমে ৬ কোটি পশ্চিমবঙ্গবাসী উপকৃত হবেন"।

তিনি আরও বলেন, সেই সঙ্গে আজ থেকে অন্নপূর্ণা ভান্ডারের  ৩,০০০ করে টাকা, উপভোক্তাদের অ্যাকাউন্টে ধীরে ধীরে ঢুকতে শুরু করবে।

"এই দুটি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের মূল জায়গা। ভারতীয় জনতা পার্টি সরকারে আসার আগে এই দুটি প্রতিশ্রুতি মানুষের সামনে রেখেছিল। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পশ্চিমবঙ্গ সরকার, জনগণের কাছে এই দুটি মূল যে দাবি, মূল যে তাদের চাহিদা, সেটি তাদের সেই প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। এই সঙ্গে এই সরকার যারা সরকারি চাকুরিজীবী তাদের যে দীর্ঘদিনের দাবি , উপযুক্ত ডিএ, সেটাও অক্টোবর মাস থেকে চালু করবে। এর পাশাপাশি একাধিক নারী এবং সমাজকল্যাণমূলক প্রকল্প এবং প্রশাসনকে মানুষের কাছে দুর্নীতিমুক্ত করে মানুষের সেবায় নিয়োজিত করা  এই মূল লক্ষ্যগুলি পশ্চিমবঙ্গ সরকার পূরণ করার জন্য বদ্ধপরিকর।

সেই জন্য আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই মহিলা মোর্চার র‍্যালি।