নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
এক নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠল পুরুলিয়ায়। পরে পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করল পুরুলিয়া সদর থানার পুলিশ। পাশাপশি উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। পুলিশ জানায় ,ধৃতের নাম রূপচাঁদ রায়। তার বাড়ি পুরুলিয়ার টামনা থানার চাকদা গ্রামে।
পুরুলিয়া শহরের বাসিন্দা ওই পরিবারের দাবি অন্যান্য দিনের মতো শনিবার সকালে টিউশন পড়তে বেরিয়েছিল ওই নাবালিকা। কিন্তু সন্ধ্যা হয়ে এলেও সে আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন হদিশ মেলেনি । ফলে রাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে ওই নাবালিকাকে অপহরণের অভিযোগ দায়ের করেন তারা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শনিবার রাতেই ওই কিশোরীকে উদ্ধার করা হয়। পাশাপাশি গ্রেফতার করা হয় অভিযুক্তকে।রবিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।