ক্রাইম ব্লক

সৈনিক স্কুলের সামনে মহানবমী মার্ডারের নেপথ্যে টাকা পয়সার লেনদেন? ধৃত ১

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত ঝামেলা হত্যাকাণ্ডের মোটিভ হতে পারে। ধৃতকে জেরা করে এই হত্যাকান্ডের মূল উদ্দেশ্য এবং অন্য কেউ এর সঙ্গে যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সৈনিক স্কুলের সামনে মহানবমী মার্ডারের নেপথ্যে টাকা পয়সার লেনদেন? ধৃত ১

 

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

দুর্গাপূজার মহানবমীর রাতে পুরুলিয়া সৈনিক স্কুলের কাছে নিজের মুদিখানা দোকান থেকেই বনমালী গোপ ওরফে টিংকু নামের এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার ঘিরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার রাতের এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সৈনিক স্কুলের গেটের সামনে চন্দনকেয়ারী রোডের ধারে দীর্ঘদিন ধরে মুদিখানার দোকান চালাতেন বনমালী (৪৮)। তাঁর বাড়ি পুরুলিয়া মফস্বল থানার চকঝরিয়া গ্রামে। এলাকার সকলের সঙ্গেই তাঁর অত্যন্ত সুসম্পর্ক ছিল। কিন্তু হঠাৎই তাঁর দোকান থেকে নিথর দেহ উদ্ধারের ঘটনায় শিউরে ওঠে গোটা এলাকা। পরিবারের পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ তোলা হয় যে, এটি নিছক মৃত্যু নয়, বরং সুপরিকল্পিত খুন। 
পরিবারের এই অভিযোগকে গুরুত্ব দিয়েই তদন্তে নামে পুরুলিয়া মফস্বল থানা। দ্রুততার সঙ্গে তদন্ত চালিয়ে পুলিশ সুনির্দিষ্ট সূত্র মারফত জানতে পারে এই ঘটনার নেপথ্যে রয়েছে রায়হা।মহম্মদ  ওরফে রহমান নামের এক ব্যক্তি। এরপরই মফস্বল থানার পুলিশ অভিযান চালিয়ে টাটাড়ি গ্রাম থেকে তাকে পাকড়াও করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত ঝামেলা হত্যাকাণ্ডের মোটিভ হতে পারে। ধৃতকে জেরা করে এই হত্যাকান্ডের মূল উদ্দেশ্য এবং অন্য কেউ এর সঙ্গে যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।