নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
গৃহীত হলো ঝালদা পুরপ্রধান সুরেশ আগরওয়ালের ইস্তফা। গত ২৫ জুলাই পদ ও কাউন্সিলরশিপ থেকে ইস্তফা দেওয়া সুরেশ আগরওয়ালের পদত্যাগপত্রটি বৃহস্পতিবার একটি বিশেষ তলবি সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হলো। পুর আইনের সমস্ত নিয়ম মেনেই এই সভার আয়োজন করা হয়েছিল।
১২টি ওয়ার্ডের এই পুরসভায় ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের আকস্মিক প্রয়াণে বর্তমানে সদস্য সংখ্যা ১১। বৃহস্পতিবারের এই গুরুত্বপূর্ণ সভায় তৃণমূল কংগ্রেসের ৬ জন এবং কংগ্রেসের ১ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সর্বসম্মতভাবেই সুরেশ আগরওয়ালের ইস্তফাপত্র গ্রহণের সিদ্ধান্ত অনুমোদিত হয়।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, তলবি সভায় উপস্থিত ছিলেন বিজয় কান্দু, মিঠুন কান্দু, শীলা চ্যাটার্জী, পিন্টু চন্দ্র, সুদীপ কর্মকার, সোমনাথ কর্মকার এবং কংগ্রেসের কাউন্সিলর বিপ্লব কয়াল। আলোচনার একমাত্র বিষয়বস্তু ছিল প্রাক্তন পুরপ্রধানের ইস্তফা সংক্রান্ত প্রক্রিয়াটি সম্পন্ন করা।
ঘটনাপ্রসঙ্গে ঝালদা পুরসভার উপ-পুরপ্রধান সুদীপ কর্মকার জানান , "পুর আইন মেনে তলবি সভা ডাকা হয়েছিল। আমাদের এই তলবি সভার একমাত্র আলোচ্য বিষয়ই ছিল প্রাক্তন পূরপ্রধান সুরেশ আগরওয়ালের ইস্তফাপত্র গ্রহণ করা। সভায় উপস্থিত ৭ জন কাউন্সিলর সর্বসম্মতিক্রমে ওঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এর সঙ্গেই ওঁর পদত্যাগের যাবতীয় আইনি প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো।"