নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
শীতের আমেজের মধ্যেই বৃষ্টির ভ্রুকুটি পুরুলিয়ায়। ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ও ‘মুরাশু’র পর এ বার ‘আকভান’-এর প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। ঘূর্ণিঝড়টির অভিমুখ অন্ধ্র উপকূলের দিকে হলেও তার পরোক্ষ প্রভাবে আজ ১৯, আগামীকাল ২০ ও পরশু ২১ নভেম্বর পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির পাশাপাশি বজ্রপাত এবং দমকা হাওয়ারও আশঙ্কা রয়েছে।
এমনিতেই নভেম্বরের মাঝামাঝি থেকে পুরুলিয়ায় শীতের আমেজ বাড়তে শুরু করেছে। গত ১৭ নভেম্বর জেলায় মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল ১২ ডিগ্রি সেলসিয়াসে। অন্য দিকে, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি। গতকাল ১৮ নভেম্বর বাতাসে জলীয় বাষ্পর উপস্থিতিতে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ে। ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন নতুন খেলা দেখাতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন আকাশ মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে মেঘলা আকাশের কারণে রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে। কিন্তু বৃষ্টি ও দমকা হাওয়ায় শীত অনুভূত হবে বেশি।