অন্যান্য

পুরুলিয়ায় বৃষ্টি আর কতদিন?

বৃষ্টির প্রভাব পড়েছে তাপমাত্রাতেও। শুক্রবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি। কয়েক দিন আগেও যেখানে দিনের পারদ ৩০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছিল, সেখানে একটানা বৃষ্টিতে তা অনেকটাই নেমেছে।
পুরুলিয়ায় বৃষ্টি আর কতদিন?

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

দক্ষিণ ওড়িশার গোপালপুরের কাছে স্থলভাগে আছড়ে পড়ার পর দ্রুত শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল ঘূর্ণিঝড় ‘আকভান’। কিন্তু তারই প্রভাবে শুক্রবার সারাদিন ধরে অসময়ের বৃষ্টিতে ভিজল পুরুলিয়া। জেলার সর্বত্রই বৃষ্টি হয়েছে। জেলা জুড়ে গড় বৃষ্টিপাতের পরিমাণ ২৮.৪৪ মিলিমিটার। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও নেমে এসেছে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াসে।

জেলা কৃষি দফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে হুড়ায়, ৪১.২ মিলিমিটার। মানবাজারে ৩৫, ঝালদায় ৩৩.৮ এবং পুঞ্চায় ২৯.২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বরাবাজারে ২৮.৪, কাশিপুরে ২৮.২, পাড়ায় ২৮, জয়পুরে ২৭.৪ এবং বলরামপুরে ২৬.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সাঁতুড়িতে ২৪.৪, নিতুড়িয়ায় ২৪.২, হাতোয়াড়ায় ২২.৪ এবং বাঘমুণ্ডিতে ২১.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সব মিলিয়ে জেলায় মোট বৃষ্টির পরিমাণ ৩৬৯.৭ মিলিমিটার।

বৃষ্টির প্রভাব পড়েছে তাপমাত্রাতেও। শুক্রবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি। কয়েক দিন আগেও যেখানে দিনের পারদ ৩০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছিল, সেখানে একটানা বৃষ্টিতে তা অনেকটাই নেমেছে।

তবে স্বস্তির খবর, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। রবিবার বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে তৈরি হওয়া বৃষ্টির পরিস্থিতি কাটিয়ে সপ্তাহান্তে ফের আবহাওয়ার উন্নতি হতে পারে।

তথ্যসূত্র: পুরুলিয়া জেলা কৃষি দফতর। বৃষ্টিপাতের পরিমাপ মিলিমিটারে।