সাধারণ খবর ক্রাইম

স্কুলের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি নয়, পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে পুলিশের অভিযান

পড়ুয়াদের নেশার কবল থেকে দূরে রাখতে জেলা জুড়ে কড়া পদক্ষেপ করল প্রশাসন ও পুলিশ। ‘নেশামুক্ত ভারত’ কর্মসূচির অঙ্গ হিসেবে আচমকাই পুরুলিয়ার বিভিন্ন থানার পুলিশ নিজ নিজ এলাকার বিদ্যালয় সংলগ্ন এলাকার দোকানগুলিতে হানা দেয়।
স্কুলের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি নয়, পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে পুলিশের অভিযান

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

পড়ুয়াদের নেশার কবল থেকে দূরে রাখতে জেলা জুড়ে কড়া পদক্ষেপ করল প্রশাসন ও পুলিশ। ‘নেশামুক্ত ভারত’ কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার আচমকাই পুরুলিয়া মফস্বল থানার পুলিশ বিভিন্ন বিদ্যালয় সংলগ্ন এলাকার দোকানগুলিতে হানা দেয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন মফস্বল থানা এলাকার হুটমুড়া, গেঙাড়া, বেলকুঁড়ি ও সিন্দ্রি  এই চারটি জায়গার একাধিক স্কুলের সামনের দোকানগুলিতে তল্লাশি চালানো হয়। তাতে বেশ কয়েকটি দোকানে প্রকাশ্যেই তামাকজাত দ্রব্য বিক্রির বিষয়টি পুলিশের নজরে আসে। নিয়ম ভেঙে স্কুল চত্বরের কাছে এই ধরনের সামগ্রী বিক্রির অভিযোগে সংশ্লিষ্ট দোকানদারদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি, ওই এলাকার সমস্ত ব্যবসায়ীকে বিদ্যালয় সংলগ্ন চত্বরে তামাকজাত দ্রব্য বিক্রি না করার বিষয়ে কড়া ভাষায় সতর্ক করে পুলিশ।

জেলার অন্যান্য প্রান্তেও একই ছবি ধরা পড়েছে। শুক্রবার বলরামপুর ব্লক সদরে পুলিশ, ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং বিডিও যৌথভাবে বিভিন্ন দোকানে অভিযান চালান। সেখানে সচেতনতামূলক প্রচার চালানোর পাশাপাশি আইন ভাঙার অভিযোগে একাধিক দোকান মালিককে জরিমানা করা হয়। একই ভাবে আড়শা থানা এলাকাতেও বিভিন্ন দোকানে হানা দিয়ে তল্লাশি চালিয়েছে প্রশাসন।

পুলিশ ও প্রশাসনের তরফে জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের নেশার কুপ্রভাব থেকে রক্ষা করতে এবং একটি নেশামুক্ত সমাজ গড়ে তুলতে এই ধরনের আচমকা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি আগামী দিনেও জেলা জুড়ে অব্যাহত থাকবে।