রাজনীতি শহর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, হলুদ সতর্কতায় বাতিল ২১ নভেম্বর মুখ্যমন্ত্রীর পুরুলিয়া সফর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পুরুলিয়া সফর। আগামী ২১ নভেম্বরের পরিবর্তে ১ ডিসেম্বর জেলায় আসছেন তিনি। ওই দিন জনজাতি সম্প্রদায়ের একাধিক সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, হলুদ সতর্কতায় বাতিল ২১ নভেম্বর মুখ্যমন্ত্রীর পুরুলিয়া সফর

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পুরুলিয়া সফর। আগামী ২১ নভেম্বরের পরিবর্তে ১ ডিসেম্বর জেলায় আসছেন তিনি। ওই দিন জনজাতি সম্প্রদায়ের একাধিক সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি, পুরুলিয়া জেলা বিজেপি কার্যালয়ে দলীয় সাংগঠনিক বৈঠকেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী। তবে এবারের সফরসূচিতে কিছুটা কাটছাঁট হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। স্থগিত রাখা হতে পারে প্রশাসনিক বৈঠকও। যদিও জেলার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলাদা করে আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়ায় ভারী শিল্প স্থাপনের উদ্যোগ ঘিরেও তাঁর সঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ের প্রভাবে ২০ ও ২১ নভেম্বর পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির পাশাপাশি বজ্রপাত এবং দমকা হাওয়ার পূর্বাভাসও রয়েছে। আকাশপথে মুখ্যমন্ত্রীর পুরুলিয়া আসার কথা ছিলো। কিন্তু প্রতিকূল আবহাওয়ায় হেলিকপ্টারে যাতায়াত ঝুঁকিপূর্ণ হতে পারে। অন্য দিকে, মুখ্যমন্ত্রীর নিজের জেলা পূর্ব মেদিনীপুরে জারি হয়েছে কমলা সতর্কতা। এই পরিস্থিতিতে নবান্ন থেকেই উপকূলবর্তী জেলাগুলির পরিস্থিতির উপর নজর রাখতে চান তিনি। সেই কারণেই ২১ নভেম্বরের পুরুলিয়া সফর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।