নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
সভাপতির বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন সহ-সভাপতি। এ বার সেই সহ-সভাপতি সুদীপ কুমার মুর্মুর বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব আনলেন দলেরই ১২ জন সদস্য। মানবাজার ২ পঞ্চায়েত সমিতিকে ঘিরে মমতাপন্থী তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২১ আসন বিশিষ্ট মানবাজার ২ পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের দখলে ছিল ২০টি আসন, বিজেপির ১টি। সভাপতি হন বাসন্তী মাহাতো, সহ-সভাপতি সুদীপ কুমার মুর্মু। পরে তৃণমূলের এক জয়ী সদস্যের মৃত্যু হওয়ায় বর্তমানে মোট সদস্য ২০ জন। সম্প্রতি সভাপতির বিরুদ্ধে সহ-সভাপতি-সহ ৯ জনের সই সম্বলিত অনাস্থা প্রস্তাব জমা পড়ে মানবাজার মহকুমাশাসকের দফতরে। পরে দুই সদস্য দাবি করেন, তাদের অজান্তে সই জাল করে ওই আবেদনে নাম লিখিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বুধবার অনাস্থার পক্ষে থাকা সদস্যদের সশরীরে সই করতে ডাকা হয়। সেখানে মাত্র ৭ জন উপস্থিত হয়ে সই করেন। তার দু’দিনের মধ্যেই শুক্রবার সহ-সভাপতির বিরুদ্ধে ১২ জনের অনাস্থা প্রস্তাবে ফের চাঞ্চল্য জেলার ছড়াল রাজনৈতিক মহলে।পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ অমিতেশ মাহাতো বলেন, “সমিতি ভালভাবেই চলছিল। আলোচনা ছাড়াই
সভাপতির বিরুদ্ধে অনাস্থা আনা হয়। তাতেই ক্ষোভ তৈরি হয়। সে কারণেই পাল্টা অনাস্থাএনেছি।”