নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
নিরাপদ শৌচালয়, সুরক্ষিত ভবিষ্যৎ’— এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার পুরুলিয়া জেলা পরিষদ সভাকক্ষে পালিত হল বিশ্ব শৌচালয় দিবস। তবে এ দিনের অনুষ্ঠান শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি শৌচালয় নির্মাণের অনুমোদনপত্র হাতে পেয়ে যেমন খুশি উপভোক্তারা, তেমনই পড়ুয়াদের অংশগ্রহণে সচেতনতার বার্তাও স্পষ্ট হয়েছে।
স্বচ্ছ ভারত মিশন এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের অতিরিক্ত নির্বাহী আধিকারিক, উপসচিব, জেলা প্রশাসনের আধিকারিক এবং ইউনিসেফ এর ওয়াশ কনসালট্যান্ট শিবাশিস বন্দ্যোপাধ্যায়। জেলার বিভিন্ন ব্লক থেকে আসা ছাত্রছাত্রীদের পাশাপাশি সাধারণ উপভোক্তারাও এ দিনের সভায় যোগ দেন।
প্রশাসন সূত্রে খবর, গ্রামীণ এলাকায় নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা বজায় রাখা, খোলা জায়গায় শৌচকর্ম সম্পূর্ণ বন্ধ করা এবং জনস্বাস্থ্যের মানোন্নয়নের দিকগুলি নিয়ে এ দিন বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি, কীভাবে টেকসই ও কার্যকর শৌচালয় তৈরি করা সম্ভব, তা ইউনিসেফের তরফে একটি ইন্টারঅ্যাক্টিভ প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়।
অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল উপভোক্তাদের হাতে ব্যক্তিগত গৃহ শৌচালয় তৈরির অনুমোদনপত্র তুলে দেওয়া। দীর্ঘমেয়াদে সুস্থ জীবনযাপন ও সামাজিক মর্যাদা রক্ষায় শৌচালয়ের ব্যবহার যে কতটা জরুরি, সে বিষয়েও এ দিন সকলকে সচেতন করা হয়।