সাধারণ খবর ব্লক

কাঁসাই সেতুতে ট্রেলার দুর্ঘটনা, বৃষ্টিতে তীব্র যানজটে দুর্ভোগ পুরুলিয়ায়

নিয়ন্ত্রণ হারিয়ে লোহার রেলিং ভেঙে আড়াআড়ি আটকে গেল একটি ট্রেলার পুরুলিয়া শহরের উপকণ্ঠে কংসাবতী সেতুর মুখে । শুক্রবার সকালে এই দুর্ঘটনার জেরে পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়।
কাঁসাই সেতুতে ট্রেলার দুর্ঘটনা, বৃষ্টিতে তীব্র যানজটে দুর্ভোগ পুরুলিয়ায়

 

 

 

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া: 

 

নিয়ন্ত্রণ হারিয়ে লোহার রেলিং ভেঙে আড়াআড়ি আটকে গেল একটি ট্রেলার পুরুলিয়া শহরের উপকণ্ঠে কংসাবতী সেতুর মুখে ।  শুক্রবার সকালে এই দুর্ঘটনার জেরে পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়। সেতুর দুই প্রান্তে আটকে পড়ে অসংখ্য গাড়ি। যার ফলে সকালের ব্যস্ত সময়ে অফিস টাইমে নিত্য যাত্রী, পড়ুয়া থেকে শুরু করে জরুরি কাজে বেরোনো সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই পুরুলিয়া জুড়ে আকাশ ছিল মেঘলা।শুরু হয়েছিল একটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আবহাওয়া প্রতিকূল থাকায় রাস্তায় দৃশ্যমানতা বেশ কম ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুরুলিয়া শহরের দিক থেকে টামনা থানার অন্তর্গত কংসাবতী নদীর মূল সেতুর দিকে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারায় ট্রেলারটি। সেতুর মুখেই সেটি সজোরে ধাক্কা মারে এবং লোহার রেলিং ভেঙে জাতীয় সড়কের মাঝ বরাবর সোজাসুজি দাঁড়িয়ে পড়ে। এই দুর্ঘটনার জেরে ১৮ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যায়। সকাল থেকেই সেতুর দু’দিকে লম্বা যানজট তৈরি হয়। স্কুল-কলেজ, অফিস কিংবা স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পথে আটকে পড়ে বহু মানুষ বিপাকে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় টামনা থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে এবং যানজট নিয়ন্ত্রণে আনতে তৎপরতা শুরু হয়। এরপর ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত ট্রেলারটি রাস্তা থেকে সরানোর কাজ শুরু হয়। দীর্ঘক্ষণের চেষ্টায় ট্রেলারটি সরাতেই ধীরে ধীরে ওই পথে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।