নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
বাংলা-ঝাড়খণ্ড সীমানায় পাঞ্চেত জলাধারে প্রস্তাবিত ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে এ বার ড্যামের বুকে নৌকায় মশাল মিছিল করলেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি ওই মশাল মিছিলের নেতৃত্ব দেয় মৎস্যজীবী ও বিভিন্ন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা। ‘প্রকৃতি বাঁচাও ও আদিবাসী বাঁচাও মঞ্চ’-সহ একাধিক সংগঠনের অভিযোগ, এই প্রকল্প বাস্তবায়িত হলে মৎস্যজীবীদের জীবন-জীবিকা বিপন্ন হবে। গুনিয়াড়া ও রায়বাঁধ অঞ্চলের মানুষ এই ড্যাম দিয়ে নৌকায় করে যাতায়াত করেন। বন্ধ হবে তাও।
রাজ্যে পালাবদলের পর গত ২ জুলাই পুরুলিয়া জেলা প্রশাসনিক ভবনে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর উপস্থিতিতে প্রকল্পটি নিয়ে বৈঠক হয়েছিল। সেখানে বিষয়টি আলোচনাসাপেক্ষ বলে জানানো হয়। কিন্তু তার পরেও আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অনড়। তাঁদের দাবি, ১৯৫৯ সালের ৬ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু পাঞ্চেত ড্যামের উদ্বোধন করেছিলেন। বলা হয়, ড্যাম নির্মাণে উচ্ছেদ হওয়া পরিবারগুলিকে যথাযথ ক্ষতিপূরণ, চাকরি এবং সিএসআর তহবিল থেকে এলাকার রাস্তা, সেতু, হাসপাতাল, স্কুল ও সেচ ব্যবস্থার উন্নয়ন করা হবে। তাঁদের অভিযোগ, সামান্য ক্ষতিপূরণ ছাড়া আজও প্রতিশ্রুত উন্নয়ন মেলেনি। পাশাপাশি, রাত ১০টার পর পাঞ্চেত ড্যামের ব্যারেজের উপর দিয়ে সাধারণের যাতায়াত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ রয়েছে। ধানবাদের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ এই রাস্তায় নিরাপত্তার খাতিরে নিষেধাজ্ঞার ফলে জরুরি পরিস্থিতিতে সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে।
প্রকৃতি বাঁচাও ও আদিবাসী বাঁচাও মঞ্চ-র দক্ষিণবঙ্গের আহ্বায়ক রাজেন টুডু বলেন, "পাঞ্চেত বাঁধ নির্মাণের সময় প্রায় ১৫২টি মৌজার বহু আদিবাসী ও অ-আদিবাসী মানুষ বাস্তুচ্যুত হন, কিন্তু তাঁরা যথাযথ পুনর্বাসন বা ক্ষতিপূরণ পাননি। ফলে কৃষি, বন ও নদীকেন্দ্রিক পুরনো জীবন-জীবিকা হারিয়ে তাঁরা জলাধারে মাছ ধরেন। এছাড়া ডিভিসির পরিত্যক্ত জমিতে চাষাবাদ করে কোনোমতে বেঁচে আছেন।
ডিভিসি ও এনটিপিসি মিলে জলাধারে ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট বসানোর পরিকল্পনা করায় স্থানীয়দের মাছ ধরা ও চাষের জমি হাতছাড়া হওয়ার পাশাপাশি দ্বিতীয়বার জীবিকা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। বাথানঘাটের কাছে ব্রিজ না করে সোলার প্ল্যান্ট বসানো হলে নৌকায় পারাপারও বন্ধ হয়ে যাবে। এই প্রতিবাদে মৎস্যজীবী, 'প্রকৃতি বাঁচাও, আদিবাসী বাঁচাও মঞ্চ' এবং ঝাড়খণ্ড ও বাংলার একাধিক সংগঠন মিলে নৌকায় মশাল মিছিল সহ আন্দোলন চালিয়ে যাচ্ছে"।
অন্যদিকে, রঘুনাথপুর শিল্পাঞ্চলে একের পর এক বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। ২০০৭ সালে বাম আমলে শুরু হওয়া ডিভিসি-র বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি সাঁওতালডিহিতে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে। এলাকায় চালু রয়েছে শ্যাম স্টিলের কারখানা ও একাধিক ছোট-বড় শিল্পপ্রতিষ্ঠান। তৈরি হচ্ছে শাকম্বরীর বৃহৎ কারখানা। সম্প্রতি অমিত মেটালিক্সের প্রকল্পেরও শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে আরও কয়েকটি শিল্পগোষ্ঠীর বিনিয়োগের কথা রয়েছে। এই আবহে পাঞ্চেতের সোলার প্রকল্প ঘিরে আন্দোলন এবং স্থানীয়দের দীর্ঘদিনের দাবিদাওয়া রঘুনাথপুরের সামগ্রিক শিল্পায়ন প্রক্রিয়ায় কোনও প্রভাব ফেলে কি না এখন নজর সে দিকেই।