নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুরুলিয়ার সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে আত্মপ্রকাশ করল ষান্মাসিক পত্রিকা ‘মুক্ত জীবনানন্দ’। পুরুলিয়ার এম এম হাই স্কুলের বিদ্যাসাগর কক্ষে পত্রিকার প্রথম সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তথা বিশিষ্ট প্রাবন্ধিক স্বপন কুমার মণ্ডল। পত্রিকার মোড়ক উন্মোচন করে তিনি বলেন, পুরুলিয়ার অতীত ও বর্তমানের গুণীজনদের এক মলাটে তুলে ধরার এই উদ্যোগ অভিনব। সমাজে গুণীজনদের যথাযথ স্বীকৃতির অভাবের সময়ে এমন উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ।
পত্রিকার সম্পাদক কার্তিককুমার মণ্ডল জানান, প্রথম সংখ্যায় পুরুলিয়ার সাহিত্য ও সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের পাশাপাশি স্বাধীনতা আন্দোলন, ভাষা আন্দোলন এবং লোকশিল্পের প্রসারে অবদান রাখা প্রয়াত কৃতীজনদের জীবন ও কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে।
এই সংখ্যায় স্বপন কুমার মণ্ডল, দেবাশিস সরখেল, বিপ্লব গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-সহ মোট ২১ জন লেখকের লেখা প্রকাশিত হয়েছে।
সম্প্রতি আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বহু বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক ও সংস্কৃতিপ্রেমী উপস্থিত ছিলেন। রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুজিত ঘোষের গান এবং প্রভাস মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।