নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
জনসভা শেষ করে দশমীর সন্ধ্যায় পুরুলিয়া শহরের সরকারপাড়ার জগদ্ধাত্রী পুজো মণ্ডপে হাজির হলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সঙ্গে ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোও। বিজেপি রাজ্য কমিটির সদস্য গৌতম রায়ের এই পুজো মণ্ডপে এসে এ দিন দেবী জগদ্ধাত্রীর কাছে পুজো দেন দুই সাংসদ।
পুজো মণ্ডপে দাঁড়িয়ে রাজ্য সরকারের ভূমিকার প্রশংসা শোনা গেল পুজোর অন্যতম উদ্যোক্তা তথা বিজেপি নেতা গৌতম রায়ের গলায়। তিনি জানান, "এ বারের পুজো মুখ্যমন্ত্রীর নামে সংকল্প করে হয়েছে। পুজোর জন্য মুখ্যমন্ত্রী নিজে শাড়ি, শাঁখা, সিঁদুর, ফল ও মিষ্টান্ন বাবদ আর্থিক অনুদান পাঠিয়েছেন।"
তিনি আরও বলেন কথায়, "এক সময় পূর্বতন সরকার এই পুজো আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু বর্তমান সরকারের সর্বোচ্চ কর্তা থেকে শুরু করে জেলাশাসক ,পুলিশ সুপার সবাই এই পুজোর সঙ্গে যুক্ত হয়েছেন।" রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের মণ্ডপে আগমন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ শাসক দলের রাজ্য সভাপতির মতো মানুষ আজ এই পুজোতে এলেন, এটা অত্যন্ত আনন্দের। বর্তমান সরকার যে ভাবে সনাতনী সংস্কৃতি ও পুজোকে উৎসাহিত করতে সক্রিয় ভাবে পাশে থাকছে এবং আর্থিক সাহায্য করছে, তা সত্যিই প্রশংসনীয়। বাংলার মানুষ এমন সরকারই চেয়েছিলেন।’’