রাজনীতি শহর

পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ড থেকে জেলার জন্য একগুচ্ছ সুখবর দিলেন শমীক ভট্টাচার্য

পুরুলিয়ার খনিজ সম্পদ ও উন্নয়নের সম্ভাবনা নিয়েও কথা বলেন শমীক। তাঁর দাবি, পুরুলিয়ায় ম্যাঙ্গানিজ ও ‘রেয়ার আর্থ মিনারেল’-এর বিপুল ভান্ডার রয়েছে। রেয়ার আর্থ মিনারেল উত্তোলনের প্রযুক্তিগত সহায়তায় অস্ট্রেলিয়ার হাই কমিশনার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ড থেকে জেলার জন্য একগুচ্ছ সুখবর দিলেন শমীক ভট্টাচার্য


সুইটি চন্দ্র, পুরুলিয়া:

টানা ১৫ বছর রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এখন কার্যত ‘যাত্রাদলে’ পরিণত হয়েছে। দলীয় প্রতীক নিয়ে নিজেদের মধ্যে যে টানাপোড়েন চলছে, শীতের মরসুমে তা-ই গ্রামেগঞ্জে যাত্রাপালা হয়ে উঠবে বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে বিজেপির বিজয়া সম্মিলনী উপলক্ষে আয়োজিত জনসভা থেকে  তৃণমূল, সিপিএম ও কংগ্রেস তিন দলকেই একযোগে নিশানা করেন তিনি। সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো, দলের বিধায়করা ও জেলা নেতৃত্ব।

তৃণমূলের অন্দরের কোন্দল ও প্রতীক বিতর্ককে বিঁধে শমীক বলেন, একসময় যাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রকে প্রকাশ্য মঞ্চ থেকে চ্যালেঞ্জ করতেন, আজ তাঁরাই নিজের প্রতীক নিয়ে লড়াইয়ে ব্যস্ত। তাঁর কটাক্ষ, ‘‘বাবা বলছেন, ছেলে তুমি কার? মা বলছেন, প্রমাণ করে দেব এই ছেলে তোমার।’’ শীতকালে গ্রামেগঞ্জে ‘প্রতীক তুমি কার, ঘাসফুল তুমি কার’— এমনই যাত্রাপালা চলবে বলে দাবি করেন তিনি।

পাশাপাশি কলকাতা ও হাওড়া পুরনিগম নির্বাচন এবং আইনি লড়াইয়ের প্রসঙ্গ টেনে সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকেও কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর মন্তব্য, ‘‘যে বিকাশ ভট্টাচার্যকে একসময় অসুর বানিয়েছিল তৃণমূল, আজ তাঁকেই ভাসুর বানিয়েছে। তৃণমূলের দুঃখে বিকাশবাবু কাঁদছেন আর একের পর এক মামলা করছেন।’’ সিপিএম ও তৃণমূলের ঘনিষ্ঠতা নিয়েও কটাক্ষ করে শমীক বলেন, ৩৪ বছর ধরে মানুষকে ‘পড়ানোর’ পর মানুষ সিপিএমকে সরিয়ে দিয়েছে, আর এখন সন্ধ্যা নামলে গ্রামেগঞ্জে তৃণমূল সিপিএমকে ডাকছে। কংগ্রেসের উপস্থিতিকেও ‘ঝিমিক ঝিমিক’ বলে কটাক্ষ করেন তিনি।
পুরুলিয়ার লোকগানের সুর টেনে বিরোধীদের খোঁচা দেন শমীক। ‘ঝিমিক ঝিমিক জলে চিটা মাটি গলে’ গানটি উদ্ধৃত করে তিনি বলেন, "নিজেরা নিজেদের মধ্যে প্রেম শুরু করে সরকার উল্টোনোর কথা বলছেন, অথচ আগামী ২৫ বছর কেন্দ্র বা রাজ্য থেকে এই সরকারকে সরানোর ক্ষমতা কারও নেই"। পরপর দুই বার পুরুলিয়া থেকে বিজেপির সাংসদ নির্বাচিত হওয়ার প্রসঙ্গ টেনে শমীক দাবি করেন, এখানে তৃণমূলকে ধুয়েমুছে সাফ করেছেন মানুষ। আগামী দিনে চার বার নয়, পঞ্চম বারের জন্যও পুরুলিয়া থেকে লড়বেন জ্যোতির্ময় সিংহ মাহাতো।

অযোধ্যা পাহাড়ের পাদদেশে মাঠা ফরেস্ট সংলগ্ন এলাকায় আদিবাসী জমি ও সরকারি সম্পত্তি দখলের অভিযোগ তুলে সরব হন বিজেপি নেতৃত্ব। জ্যোতির্ময় ও শমীকের অভিযোগ, পর্যটনের নামে নামমাত্র লিজের আড়ালে আদিবাসী ও বনভূমির জমি দখলের চেষ্টা হয়েছে। অবৈধভাবে গড়ে ওঠা রিসর্ট ও দখল হওয়া জমির বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকৃত প্রাপকদের জমি ফিরিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

পুরুলিয়ার খনিজ সম্পদ ও উন্নয়নের সম্ভাবনা নিয়েও কথা বলেন শমীক। তাঁর দাবি, পুরুলিয়ায় ম্যাঙ্গানিজ ও ‘রেয়ার আর্থ মিনারেল’-এর বিপুল ভান্ডার রয়েছে। রেয়ার আর্থ মিনারেল উত্তোলনের প্রযুক্তিগত সহায়তায় অস্ট্রেলিয়ার হাই কমিশনার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি। পাশাপাশি পুরুলিয়ায় আধুনিক বিশ্ববিদ্যালয় ও কর্মসংস্থানমুখী প্রতিষ্ঠানের উদ্যোগ এবং রাজ্যে বড় শিল্পের বিনিয়োগ প্রসঙ্গও তুলে ধরেন বিজেপির রাজ্য সভাপতি।

কাশিপুরের গণধর্ষণের  ঘটনায় অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তারের ঘটনায় পুলিশকে প্রশংসা করেন সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো। তাঁর দাবি, দ্রুত আইনি পদক্ষেপই পরিবর্তনের প্রমাণ।আসন্ন পঞ্চায়েত, পুরসভা ও কর্পোরেশন নির্বাচনেও বিজেপিকে জয়ী করার আহ্বান জানান তিনি।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রসঙ্গ টেনে ভোটার তালিকায় একই পরিবারের সদস্যদের বয়সের অস্বাভাবিক ফারাক ও সন্দেহজনক নামের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানান শমীক। দায়ী করেন পূর্বতন রাজ্য সরকারকে। একই সঙ্গে  পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ মন্তব্যের জবাবে শমীকের কটাক্ষ, বাঘ আরশোলার দলে কেন? তাঁর চ্যালেঞ্জ, দিল্লিতে না গিয়ে পুরুলিয়ার মাটিতে এসে প্রকাশ্য রাজনৈতিক বিতর্কে অংশ নিন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শেষ কথা বলবে বাংলার মানুষ।