নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
মাঠে পাকা আমন ধান। কোথাও শুরু হয়েছে কাটার কাজ, কোথাও আবার ধান ঘরে তোলার প্রস্তুতি। ঠিক সেই সময়েই ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে অসময়ের বৃষ্টি। দু’দিন ধরে মেঘলা আকাশ ও বৃষ্টিতে পাকা ধানের ক্ষতির আশঙ্কায় চরম উদ্বেগে পুরুলিয়ার চাষিরা। তাঁদের আশঙ্কা, জমিতে জল জমে থাকলে পাকা ধানে অঙ্কুর বেরোতে পারে। কাটা ধান ভিজে পচে যাওয়ারও আশঙ্কা রয়েছে। তাতে শুধু ফলন নয়, ধানের গুণমান এবং বাজারদরও কমতে পারে।
শনিবার বৃষ্টির পরিমাণ অবশ্য আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে। জেলা কৃষি দফতরের ১৩টি বৃষ্টিমাপক কেন্দ্রের হিসাবে, এ দিন সব মিলিয়ে বৃষ্টির পরিমাণ ৫৪.৪ মিলিমিটার। জেলার গড় বৃষ্টিপাত ৪.১৮ মিলিমিটার। শুক্রবার জেলার গড় বৃষ্টিপাত ছিল ২৮.৪৪ মিলিমিটার। অর্থাৎ, শনিবার বৃষ্টির পরিমাণ কমলেও তার আগের দিনের বৃষ্টির ধাক্কা সামলে ওঠার আগেই নতুন করে উদ্বেগে পড়েছেন চাষিরা। এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৭.৯ ডিগ্রি।
জেলার বিস্তীর্ণ এলাকার কৃষি মূলত এক ফসলি জমির উপর নির্ভরশীল। সারা বছরের চাষের পর পাকা আমন ধানের ফলনের দিকেই তাকিয়ে থাকেন বহু কৃষিজীবী পরিবার। কিন্তু ধান কাটার এবং ঘরে তোলার ঠিক আগে বৃষ্টি হওয়ায় সেই ফসল ঘিরেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। কোথাও কাটা ধান জমিতে পড়ে রয়েছে, কোথাও বৃষ্টির কারণে ধান কাটার কাজ শুরু করাই যায়নি। যাঁরা ইতিমধ্যে ধান বাড়িতে নিয়ে এসেছেন, তাঁদের অনেককেই সংরক্ষণের অভাবে খোলা আকাশের নীচে রাখতে হয়েছে।
শনিবার নিজেই ক্ষতিগ্রস্ত ক্ষেত ঘুরে দেখেন বিজেপির জেলা সভাপতি শংকর মাহাতো। ধানের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখেন তিনি।
ধানচাষি তপন রাজোয়াড় বলেন, “সকাল থেকে বৃষ্টিতে জমিতে জল জমে গিয়েছে। ফসল ভাল হয়েছিল। কিন্তু পাকা ধানে অঙ্কুর বেরিয়ে গেলে গোটা ফসলই নষ্ট হয়ে যাবে।”
আর এক চাষি শিবু বাউরির কথায়, “খুবই ক্ষতি হল, বলার মতো নয়। ধান ভাল হয়েছিল। কিন্তু জলে ভিজলে ধান পচে যাবে, গোটা থাকবে না, চাল লাল হয়ে যাবে। তখন আর বাজারে সঠিক দাম পাওয়া যাবে না। সব শেষ হয়ে গেল।”
সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলার মুখে আবহাওয়ার এই প্রতিকূল পরিস্থিতিতে দিশাহারা চাষিরা। জমিতে পড়ে থাকা পাকা ধান কতটা রক্ষা করা যাবে, আর ভিজে যাওয়া ফসলের কতটা ক্ষতি হবে, এখন সেই হিসাবই কষছেন তাঁরা।
ছবি : নিজেদের ক্ষেতে চাষের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছেন বিজেপি জেলা সভাপতি শংকর মাহাতো।