নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে মাঠের ফসল কতটা নষ্ট হল, তা সরেজমিনে খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার পথে প্রশাসন।
সূত্রের খবর, চাষিদের ক্ষতিপূরণ ও সুরক্ষার বিষয়টি মাথায় রেখে ইতিমধ্যেই জেলাশাসকদের কাছ থেকে ফসলের ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত কৃষকেরা যাতে সরাসরি প্রশাসনের কাছে নিজেদের ক্ষতির হিসেব জানাতে পারেন, সে জন্য চালু রাখা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর ১৪৪৪৭।
প্রশাসনিক মহলের একাংশের মতে, দুর্যোগের পর অনেক ক্ষেত্রেই প্রকৃত ক্ষতির পরিমাণ নিরূপণ করতে দেরি হয়ে যায়। সে কারণেই এ বার তথ্য সংগ্রহের প্রক্রিয়ায় জোর দেওয়া হচ্ছে। হেল্পলাইনের মাধ্যমে আসা অভিযোগ ও জেলাশাসকদের পাঠানো রিপোর্ট, এই দুইয়ের ভিত্তিতে ক্ষয়ক্ষতির পরিমাণ চূড়ান্ত করা হবে। তার পরেই পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।
নিজের সমাজ মাধ্যম অ্যাকাউন্ট থেকে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো লেখেন, "প্রাকৃতিক দুর্যোগে কৃষকের পরিশ্রমের ফসল যাতে নষ্ট না হয় এবং তাঁদের জীবিকা যাতে বিপন্ন না হয়, সেই লক্ষ্যে কৃষকদের পাশে রয়েছে জনতার সরকার। ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ থেকে সরাসরি সহায়তা, এছাড়াও কৃষকের স্বার্থ ও সুরক্ষায় নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ। ফসলের ক্ষয়ক্ষতির তথ্য জানান হেল্পলাইন নম্বর ১৪৪৪৭-এ।"