সংস্কৃতি শহর

তিন জেলার শিল্পীদের অংশগ্রহণে পুরুলিয়ায় ৩ দিনের ছৌ কর্মশালা

ভিন জেলার শিল্পীদের সঙ্গে ভাবের আদানপ্রদান বাড়াতে পুরুলিয়ায় শুরু হল তিন দিনের বিশেষ ছৌ নৃত্য কর্মশালা। রবিবার পুরুলিয়া রবীন্দ্র ভবনে প্রদীপ জ্বালিয়ে এই কর্মশালার আনুষ্ঠানিক সূচনা হয়।
তিন জেলার শিল্পীদের অংশগ্রহণে পুরুলিয়ায় ৩ দিনের ছৌ কর্মশালা

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

আন্তর্জাতিক আঙিনায় পুরুলিয়ার ছৌ-এর কদর ক্রমশ বাড়ছে। এ বার সেই লোকশিল্পের শিকড়কে আরও মজবুত করতে এবং ভিন জেলার শিল্পীদের সঙ্গে ভাবের আদানপ্রদান বাড়াতে পুরুলিয়ায় শুরু হল তিন দিনের বিশেষ ছৌ নৃত্য কর্মশালা। রবিবার পুরুলিয়া রবীন্দ্র ভবনে প্রদীপ জ্বালিয়ে এই কর্মশালার আনুষ্ঠানিক সূচনা হয়। আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ শিবির।

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধীনস্থ ‘লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র’-এর উদ্যোগে এবং পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালা ঘিরে এ দিন সকাল থেকেই শিল্পীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কেবল পুরুলিয়া নয়, এ দিনের কর্মশালায় অংশ নেন পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলার ছৌ শিল্পীরাও। ভিন জেলার শিল্পীদের কাছে পুরুলিয়ার নিজস্ব ঘরানার ছৌ-এর সূক্ষ্ম কারুকাজ, মুদ্রা এবং তাল-লয়ের পাঠ পৌঁছে দেওয়াই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলরামপুরের বিধায়ক জলধর মাহাতো, পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সৌরভ সিনহা, পুরুলিয়া সদর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর (ডিএমডিসি)-সহ প্রশাসনের পদস্থ আধিকারিক এবং বিশিষ্টজনেরা। বক্তাদের কথায় উঠে আসে, বর্তমান প্রজন্মের কাছে ছৌ-এর ঐতিহ্যকে সঠিকভাবে তুলে ধরতে সরকারি স্তরের এই ধরনের কর্মশালা অত্যন্ত জরুরি।
সরকারি উদ্যোগে এমন প্রশিক্ষণের সুযোগ পেয়ে খুশি অংশগ্রহণকারী শিল্পীরাও।