নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ ও বিকাশমুখী ভারত গড়ার লক্ষ্যে পুঞ্চায় অনুষ্ঠিত হয়ে গেল ‘নেশা মুক্ত যুব, বিকশিত ভারত’ শীর্ষক এক বিশেষ কর্মসূচি। মাই ভারত কেন্দ্র, এবং সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ ও ‘মে আই হেল্প ইউ’ গ্রুপের যৌথ ব্যবস্থাপনায় জেলা স্তরের আটটি ভিন্ন বিভাগে প্রতিযোগিতার আয়োজিত হয়।
সম্মিলিত কণ্ঠে 'বন্দেমাতরম' ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর প্রদীপ প্রজ্বলন করে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ড. দেবোপম রাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় শিক্ষক অমিতাভ মিশ্র বলেন, "২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত, শ্রেষ্ঠ ভারত’ গঠনের যে স্বপ্ন আমরা দেখছি, তা পূরণ করতে হলে যুবসমাজকে সবার আগে মাদকমুক্ত করতে হবে। এর জন্য গ্রামীণ এলাকাগুলিতে প্রতিনিয়ত সচেতনতামূলক প্রচার ও আলোচনার প্রয়োজন।" অনুষ্ঠানে সচেতনতার বার্তা দিয়ে বক্তব্য রাখেন বলরামপুর মহাবিদ্যালয়ের অধ্যাপক ড. জয়দেব গায়েন, মনোবিদ পূর্ণিমা গরাই, মানবাজার মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক সমীর কুমার দত্ত এবং এন. এস. এস. ইউনিটের প্রতিনিধি অনিমেষ মাহাতো ও রাজকিশোর মুর্মু।
মাদকমুক্ত সমাজের বার্তা দিতে এ দিন আয়োজিত প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ‘নেশা মুক্তি’। আটটি বিভাগের মধ্যে ছিল, আলোচনা ও বিতর্ক, আবৃত্তি ও সঙ্গীত, চিত্রাঙ্কন ও স্লোগান লেখা, নাটক, নৃত্য এবং রিল বা ছোট চলচ্চিত্র নির্মাণ।
কর্মসূচির অংশ হিসেবে সামাজিক বার্তা সম্বলিত ট্যাবলো ও প্ল্যাকার্ড নিয়ে একটি সুসজ্জিত বর্ণাঢ্য মিছিল এলাকা পরিক্রমা করে। অনুষ্ঠান শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন ড. সোমা মিশ্র, ড. তৃষা ভুঁই, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম মাহাতো, ব্রতচারী সমিতির আদিত্য মাহান্তী, অধ্যাপক সুশান্ত মাহাতো, দেবব্রত ব্যানার্জী, প্রীতি মুখার্জী, মুনমুন মিত্র ও পম্পা দাসের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা।
এই আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল মাদকবিরোধী শপথ গ্রহণ। প্রায় ৩০০ জন যুবক-যুবতী এই বিশেষ ড্রাইভে স্বাক্ষর করে নেশামুক্ত জীবন গড়ার অঙ্গীকার করে।
জেলা যুব আধিকারিক পাপাই দাস জানান, ৮টি বিভাগে মোট ২৬৭ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। প্রতিটি বিভাগে প্রথম স্থানাধিকারীরা এবার রাজ্য স্তরের প্রতিযোগিতায় জেলার প্রতিনিধিত্ব করবে।
ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের এই উদ্যোগে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত প্রতিযোগী শতাব্দী দাস, মানিক শবর, মল্লিকা মন্ডল ও নিতাই কালিন্দীরা।