নিজস্ব প্রতিনিধি, পাড়া:
শ্রাবণের তৃতীয় সোমবার। পুরুলিয়ার পাড়া থানার আনাড়া বাবা বানেশ্বর ধামে সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন শিবভক্তেরা। জলঢালার সেই লাইনেই এ দিন দেখা গেল রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও পূর্ত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা পাড়ার বিধায়ক নদিয়ারচাঁদ বাউরিকে।
দলবল নিয়ে মন্দিরে পৌঁছে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢেলে পুজো দেন মন্ত্রী। অভিষেক-পর্ব সাঙ্গ হতেই অবশ্য তাঁর ভূমিকা বদলে যায়। নেতা থেকে আয়োজকের ভূমিকা গ্রহণ করেন মন্ত্রী। ভক্তদের হাতে হাতে তুলে দেন লুচি আর তরকারি। মন্দির চত্বরে খানিক ক্ষণের জন্য যেন উৎসবের চেহারা নেয় সরকারি প্রকল্প আর রাজনীতির আঁচ ছাপিয়ে।
এই কর্মসূচির পোশাকি নাম ‘সংকল্প’। আয়োজকদের দাবি, ব্যানার অরাজনৈতিক। মন্ত্রীর পাশাপাশি এ দিন হাজির ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা পুরুলিয়া জেলা বিজেপির দুই প্রাক্তন সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী ও বিবেক রাঙ্গা।
শ্রাবণ মাসে জল ঢালার ভিড়ে রাজনৈতিক নেতাদের মন্দির-পরিক্রমা নতুন কিছু নয়। তবে ভোটের অঙ্ক মাথায় রেখে ধর্মীয় আবহে জনসংযোগের এই ধারা পুরুলিয়ার রাজনীতিতে ইদানীং বেশ চেনা ছবি হয়ে উঠেছে বলেই মত স্থানীয়দের একাংশের।