শহর

মাত্র ৫ টাকায় মাছ-ভাত পুরুলিয়ায়!

পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। হাসপাতাল চত্বরেই আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল 'মা আহার' নামক ক্যান্টিন। মাত্র ৫ টাকার বিনিময়ে এখন থেকে প্রতিদিন দুপুরে মিলবে গরম গরম মাছ-ভাত।
মাত্র ৫ টাকায় মাছ-ভাত পুরুলিয়ায়!

 

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিজনদের পকেটের টান এবং পুষ্টির কথা মাথায় রেখে এক অনন্য মানবিক উদ্যোগ নেওয়া হলো পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। হাসপাতাল চত্বরেই আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল 'মা আহার' নামক ক্যান্টিন। মাত্র ৫ টাকার বিনিময়ে এখন থেকে প্রতিদিন দুপুরে মিলবে গরম গরম মাছ-ভাত।

বৃহস্পতিবার পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থম এবং পুরুলিয়া বিধানসভার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের উপস্থিতিতে এই ক্যান্টিনের দ্বারোদঘাটন করা হয়। প্রশাসন সূত্রে খবর, রাজ্যের নতুন শাসনব্যবস্থার অধীনে জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত। জেলা সদর হাসপাতালে চিকিৎসা করাতে আসা দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের দৈনিক অন্তত ৪২৫ জন মানুষ এই ক্যান্টিন থেকে সরাসরি উপকৃত হবেন।

এই উদ্যোগ প্রসঙ্গে পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় জানান, "রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর আমাদের মূল লক্ষ্যই হলো সাধারণ ও দুঃস্থ মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করা। হাসপাতালে দূর-দূরান্ত থেকে আসা গরিব মানুষেরা যাতে নামমাত্র খরচে পেটভরে পুষ্টিকর খাবার (মাছ-ভাত) পেতে পারেন, সেই উদ্দেশ্যেই এই ক্যান্টিন চালু করা হলো। আগামী দিনেও এই ধরণের জনমুখী কাজ জারি থাকবে।"
পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "হাসপাতাল চত্বরে রোগীর আত্মীয়দের জন্য কম খরচে স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি ছিল। প্রতিদিন ৪২৫ জন মানুষের খাবারের আয়োজন করা হচ্ছে এখানে। জেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ নজরদারিতে এই ক্যান্টিনের খাবারের গুণমান বজায় রাখা হবে।"