নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর পরোক্ষ প্রভাব অনেকটাই কেটে গেলেও তার জেরে তৈরি হওয়া জলীয় বাষ্পের প্রভাব এখনও রয়েছে পুরুলিয়ার আকাশে। কখনও মেঘ, কখনও রোদ। তারই মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমছে। রবিবার জেলার ১৩টি বৃষ্টিমাপক কেন্দ্রের মধ্যে বৃষ্টি রেকর্ড হয়েছে একমাত্র হাতোয়াড়ায়। সেখানে বৃষ্টির পরিমাণ ১ মিলিমিটার। জেলার গড় বৃষ্টিপাত মাত্র ০.০৮ মিলিমিটার।
এর আগের দিন শনিবার জেলার গড় বৃষ্টিপাত ছিল ৪.১৮ মিলিমিটার। শুক্রবার ঘূর্ণিঝড়ের প্রভাবে গড় বৃষ্টিপাতের পরিমাণ পৌঁছেছিল ২৮.৪৪ মিলিমিটারে। অর্থাৎ, দু’দিনের ব্যবধানে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। রবিবার অত্যন্ত স্বল্প বিক্ষিপ্ত বৃষ্টির কারণে জয়পুর, ঝালদা, বাঘমুণ্ডি, মানবাজার, বলরামপুর, বরাবাজার, নিতুড়িয়া, সাঁতুড়ি, পুঞ্চা, হুড়া, কাশিপুর ও পাড়া—এই ১২টি বৃষ্টিমাপক কেন্দ্রে কোনও বৃষ্টি রেকর্ড হয়নি।
তাপমাত্রার ক্ষেত্রেও এখনও শীতের স্পষ্ট আমেজ নেই। রবিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৯.৯ ডিগ্রি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৭.৯ ডিগ্রি। অর্থাৎ, এক দিনে সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ৫.১ ডিগ্রি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে ঘূর্ণিঝড়ের রেখে যাওয়া জলীয় বাষ্পের প্রভাব কাটতে শুরু করবে। তার পর রাতের দিকে তাপমাত্রা নামার পাশাপাশি দিনের তাপমাত্রাও কমতে পারে।
আবহাওয়ার এই পরিবর্তনের দিকে তাকিয়ে শীতের অপেক্ষায় পুরুলিয়াবাসী। বলা যায়, দুয়ারে শীত।