শহর

মা আহারে রোজ থাক মাছ -ডিম, আন্দোলনে কংগ্রেস

সাধারণ ও শ্রমজীবী মানুষের স্বার্থে 'মা আহার' ক্যান্টিনের খাবারের মেনু পরিবর্তনের দাবি জানিয়ে মহকুমা শাসককে স্মারকলিপি জমা দিল রঘুনাথপুর টাউন কংগ্রেস কমিটি।
মা আহারে রোজ থাক মাছ -ডিম, আন্দোলনে কংগ্রেস

 

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:

সাধারণ ও শ্রমজীবী মানুষের স্বার্থে 'মা আহার' ক্যান্টিনের খাবারের মেনু পরিবর্তনের দাবি জানিয়ে মহকুমা শাসককে স্মারকলিপি জমা দিল রঘুনাথপুর টাউন কংগ্রেস কমিটি।

বুধবার টাউন কংগ্রেস কমিটির সভাপতি তারক নাথ পরামানিক স্বাক্ষরিত একটি আবেদনপত্র রঘুনাথপুরের মহকুমা শাসকের দপ্তরে জমা দেওয়া হয়। চিঠিতে দাবি করা হয়েছে যে, রঘুনাথপুর শহরে পরিচালিত দুটি "মা আহার" ক্যান্টিনে পূর্বে প্রতিদিন মাত্র ৫ টাকার বিনিময়ে ডিম-ভাত প্রদান করা হতো। তবে বর্তমানে সেই নিয়মের পরিবর্তন ঘটিয়ে সপ্তাহে দুইদিন মাছ-ভাত এবং দুইদিন ডিম-ভাত দেওয়া হচ্ছে।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্যান্টিনগুলির ওপর বহু শ্রমজীবী, দিনমজুর, অসহায় ও নিম্ন আয়ের মানুষ প্রতিদিন পুষ্টিকর ও মানসম্মত খাবারের আশায় নির্ভর করে থাকেন। বর্তমান ব্যবস্থার কারণে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাই সাধারণ মানুষের স্বার্থে সপ্তাহে দুইদিন মাছ-ভাত এবং বাকি পাঁচদিন ডিম-ভাত প্রদানের ব্যবস্থা চালুর জন্য মহকুমা শাসকের হস্তক্ষেপ দাবি করেছে কংগ্রেস কমিটি।

মা আহার ক্যান্টিনের লিডার জয়া কর বলেন, "বর্তমানে ৫ টাকার বিনিময়ে সপ্তাহে দুইদিন মাছ-ভাত, দুইদিন ডিম-ভাত এবং বাকি তিনদিন নিরামিষ ভাত দেওয়া হচ্ছে। সরকার ও প্রশাসনের নির্দেশিকা মেনেই এই তালিকা কার্যকর করা হয়েছে। প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ জন মানুষ এখানে খেতে আসেন। তবে শুক্রবার মুসলিম প্রধান এলাকার শ্রমিক ও মজুররা নামাজ পড়তে যান বলে উপভোক্তাদের সংখ্যা কিছুটা কম  ৩৬০-৩৮০ জন‌ থাকে।
প্রতিদিন সকাল ১১:৩০টা থেকে টোকেন দেওয়া শুরু হয়, চলে দুপুর ২:৩০টা পর্যন্ত। রান্না সম্পন্ন হওয়ার পর দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খাবার দেওয়া হয়"।

এই  মূল্যের খাবার দিনমজুর ও ভিক্ষুকদের মতো গরিব মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং পুষ্টিকর আহারের একমাত্র ভরসা।