নিজস্ব প্রতিনিধি,আড়শা:
গ্রামের অদূরে রাস্তার পাশে একটি গর্তে পড়ে থাকতে দেখা গেল মোটরবাইক সহ এক রক্তাক্ত যুবককে। মঙ্গলবার সকালে এই দৃশ্য নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দ্রুত স্থানীয়রা খবর দেন পুলিশে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
মৃত যুবকের নাম সঞ্জয় মাহাতো (৩২)। তিনি আড়শা থানার পাটটাঁড় গ্রামের বাসিন্দা। জানা গেছে, সোমবার রাতে তিনি মোটরবাইক নিয়ে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন। কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে গ্রামের কাছেই রাস্তার পাশে গর্তে তার দেহ পড়ে থাকতে দেখা যায়।পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।