শুভদীপ মাহাত, পুরুলিয়া:
পুরুলিয়ার মতো একটি প্রান্তিক জেলা। নানা প্রতিকূলতা আর অভাবকে পিছনে ফেলে এখানকার ছেলেমেয়েরা যখন সাফল্যের মুখ দেখে, তখন তা গোটা জেলার কাছেই একটা বড়ো অনুপ্রেরণা হয়ে ওঠে। সেই অনুপ্রেরণাকে আরও কিছুটা উসকে দিতেই ফের এক সুন্দর উদ্যোগ নিল আমডিহা পাড়া সর্বজনীন দুর্গা মন্দির কমিটি। বিগত দু'বছরের মতো এবারও তারা আয়োজন করেছিল মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান।
আনন্দ আর উৎসবের আবহে এদিন আমডিহার প্রায় ৫০ জন কৃতী পড়ুয়াকে বিশেষ সম্মান জানানো হয়। এই মঞ্চেই উপস্থিত ছিল রাজ্যে দশম স্থান অধিকারী, পুরুলিয়ার গর্ব রুদ্রদীপ মণ্ডল।
এই প্রসঙ্গে আমডিহা সার্বজনীন দুর্গাপূজা কমিটির সহ-সম্পাদক রাহুল রায় বলেন, "এটা অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের পাড়ার ছেলে রাজ্যে দশম স্থান অধিকার করেছে, পুরুলিয়া জেলাবাসী খুবই গর্বিত, আগামী দিনে তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি"।
শুধু কৃতীদের সংবর্ধনা জানানোই নয়, এই আয়োজনের গভীরে রয়েছে এক বৃহত্তর সামাজিক লক্ষ্য। পুরুলিয়ার মতো জেলায় আজও অনেক পড়ুয়া পরিস্থিতির চাপে মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। স্কুলছুটের সেই হার কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে শিক্ষার প্রতি আরও বেশি করে আগ্রহ তৈরি করাই এই কর্মসূচির আসল উদ্দেশ্য। কারণ, আজকের এই কৃতীদের দেখেই আগামী দিনে বড়ো হওয়ার স্বপ্ন বুনবে আরও শত শত পড়ুয়া।
কৃতী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া এই সম্মান শুধু একটি পুরস্কার নয়, এটি তাদের আগামী দিনের স্বপ্নপূরণের এক বিরাট পাথেয়। আমডিহা পাড়া দুর্গা মন্দির কমিটির এই ধারাবাহিক উদ্যোগ এভাবেই শিক্ষার আলো ছড়িয়ে দিক পুরুলিয়ার প্রতিটি কোনায়, এখন এমনটাই প্রত্যাশা এলাকার সমস্ত মানুষের।