নিজস্ব প্রতিনিধি, কোটশিলা ও জয়পুর :
ছাত্রছাত্রীদের পঠনপাঠন, পরিকাঠামো এবং কলেজের বিভিন্ন পরিষেবা নিয়ে একগুচ্ছ অভিযোগ তুলে জয়পুরের বিক্রমজিৎ গোস্বামী মেমোরিয়াল কলেজে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। একই দিনে কোটশিলা মহাবিদ্যালয়ে সংগঠনের তরফে সদস্য সংগ্রহ অভিযানও চালানো হয়। দু’টি কর্মসূচিতেই ছাত্রছাত্রীদের উপস্থিতি ও ব্যাপক উৎসাহ ছিল বলে এবিভিপির দাবি।
এবিভিপির পুরুলিয়া (পূর্ব) সাংগঠনিক জেলার জয়পুর নগর ইউনিটের অন্তর্গত কোটশিলা মহাবিদ্যালয় ইউনিটের উদ্যোগে এ দিন সদস্য সংগ্রহ অভিযান হয়। অন্য দিকে, জয়পুরের বিক্রমজিৎ গোস্বামী মেমোরিয়াল কলেজ ইউনিটের তরফে কলেজের বিভিন্ন সমস্যা তুলে ধরে অধ্যক্ষার কাছে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে কলেজের ফি কাঠামো নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এবিভিপির অভিযোগ, ‘ইনফ্রাস্ট্রাকচার রিপেয়ার অ্যান্ড রেনোভেশন ফি’ এবং ‘আইটি ইনফ্রাস্ট্রাকচার ফি’ নেওয়া হলেও তার যথাযথ পরিষেবা মিলছে না। লাইব্রেরি ফি নেওয়া হলেও প্রয়োজনীয় বইয়ের অভাব রয়েছে বলেও অভিযোগ। এককালীন অ্যাডমিশন ফি-র পরিবর্তে দুই সেমেস্টারে সমান ভাবে তা নেওয়ার দাবি জানানো হয়েছে। নিয়মিত ক্লাস না হওয়া সত্ত্বেও টিউশন ফি নেওয়া এবং অন্যান্য কলেজের তুলনায় তার পরিমাণ বেশি হওয়ার অভিযোগও তোলা হয়েছে।
পঠনপাঠনের ক্ষেত্রেও একাধিক সমস্যার কথা স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। এবিভিপির অভিযোগ, কলেজে পর্যাপ্ত শিক্ষক নেই এবং নিয়মিত ক্লাসও হচ্ছে না। প্রথম সেমেস্টারের ছাত্রছাত্রীদের এখনও লাইব্রেরি কার্ড ও পরিচয়পত্র দেওয়া হয়নি। পাশাপাশি, জাতীয় স্কলারশিপ পোর্টালের (এনএসপি) আবেদন সময়মতো যাচাই না হওয়ায় অনেক ছাত্রছাত্রী সমস্যায় পড়ছে বলেও সংগঠনের অভিযোগ।
পরিকাঠামো নিয়েও একাধিক দাবি জানানো হয়েছে। কলেজের কাঁচা রাস্তা পাকা করা, ক্যাম্পাস নিয়মিত পরিষ্কার রাখা, ক্যান্টিন চালু করা, লাইব্রেরিতে নতুন বই আনা এবং দীর্ঘদিন বন্ধ থাকা প্রথম তলার শৌচাগার চালু করার দাবি রয়েছে। গোটা ক্যাম্পাসের শৌচাগার নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি প্রথম তলায় পানীয় জলের জন্য ওয়াটার ফিল্টার বসানোর দাবিও জানানো হয়েছে।
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলেছে এবিভিপি। সংগঠনের দাবি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়মমাফিক হচ্ছে না এবং খেলাধুলায় অংশ নেওয়া বহু ছাত্রছাত্রী এখনও সার্টিফিকেট পায়নি। নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীন বরণ, কলেজের প্রতিষ্ঠা দিবস এবং স্বাধীনতা দিবস যথাযথ ভাবে পালনের দাবিও জানানো হয়েছে।
এ ছাড়াও পরীক্ষার ফর্ম পূরণের সময় কলেজের পোর্টালে প্রযুক্তিগত সমস্যার কারণে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও ফি-রসিদ না পাওয়ার অভিযোগ উঠেছে। ফলে অনেককে ফের টাকা জমা দিতে হচ্ছে এবং আগে কেটে নেওয়া টাকা ফেরত পাওয়া যাচ্ছে না বলে দাবি এবিভিপির। এই প্রযুক্তিগত সমস্যা দ্রুত মেটানো এবং যাদের টাকা কেটে নেওয়া হয়েছে, তাদের অর্থ ফেরতের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপির মধ্যবঙ্গ সহ- সংগঠন সম্পাদক অনির্বাণ ভান্ডারী, পুরুলিয়া বিভাগ সংযোজক সৌরভ বন্দ্যোপাধ্যায়, স্টেট এসএফএস ইনচার্জ তথা পুরুলিয়া (পূর্ব) সাংগঠনিক জেলা ব্যবস্থা প্রমুখ শুভজিৎ মাহাতো-সহ জয়পুর নগর ইউনিট, বিক্রমজিৎ গোস্বামী মেমোরিয়াল কলেজ ইউনিট এবং কোটশিলা মহাবিদ্যালয় ইউনিটের কর্মকর্তারা।
দাবিগুলি দ্রুত কার্যকর না হলে ছাত্রস্বার্থে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে এবিভিপি।