রাজনীতি শহর

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ধৈর্যের বাঁধ ভাঙল মহিলাদের, অবরোধে অবরোধে উত্তাল পুরুলিয়া

বারবার পুরসভা ও প্রশাসনিক দপ্তরের দরজায় কড়া নেড়েও অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল পুরুলিয়ার বঞ্চিত মহিলাদের। প্রশাসনিক উদাসীনতার প্রতিবাদে এবং বকেয়া ভাতা দ্রুত চালুর দাবিতে শুক্রবার সকাল থেকেই রাজপথে নেমে চরম বিক্ষোভে শামিল হলেন শ'য়ে শ'য়ে আবেদনকারী।
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ধৈর্যের বাঁধ ভাঙল মহিলাদের, অবরোধে অবরোধে উত্তাল পুরুলিয়া

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:


আবেদন জমা দেওয়ার পর মাস পেরিয়ে গেলেও সরকারি অন্নপূর্ণা যোজনার ভাতার দেখা মেলেনি। বারবার পুরসভা ও প্রশাসনিক দপ্তরের দরজায় কড়া নেড়েও সুরাহা না মেলায় অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল পুরুলিয়ার বঞ্চিত মহিলাদের। প্রশাসনিক উদাসীনতার প্রতিবাদে এবং বকেয়া ভাতা দ্রুত চালুর দাবিতে শুক্রবার সকাল থেকেই রাজপথে নেমে চরম বিক্ষোভে শামিল হলেন শ'য়ে শ'য়ে আবেদনকারী।

পুরুলিয়া শহরের দুটি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে একযোগে আন্দোলনের উত্তাপ ছড়ায়। একদিকে পুরুলিয়া-বাঁকুড়া ৬০ এ নম্বর জাতীয় সড়কের রেনি রোড এলাকায় পথ অবরোধ করেন বিক্ষুব্ধ মহিলারা। অন্য দিকে, পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়ক আটকে চলে স্লোগান-বিক্ষোভ। ব্যস্ত সময়ে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক স্তব্ধ থাকায় উভয় পথেই সারি সারি যানবাহন আটকে পড়ে, তীব্র যানজটে নাজেহাল হন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার বিশাল পুলিশ বাহিনী।

আবেদনকারী ক্ষমা মুখোপাধ্যায় বলেন,
"অফলাইন বা অনলাইন নিয়ম মেনে আবেদন করা সত্ত্বেও এবং সমস্ত যোগ্যতামান থাকা সত্ত্বেও গত দুই-তিন মাস ধরে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো অর্থ পৌঁছায়নি। স্থানীয় পুরসভা থেকে শুরু করে প্রশাসনিক দপ্তরগুলিতে চক্কর কেটেও মেলেছে শুধু আশ্বাস, বাস্তবে কোনো সমাধান হয়নি"।

প্রশাসনের তরফে আলোচনা চালিয়ে অবরোধ তোলার চেষ্টা করা হলেও, মহিলারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন অ্যাকাউন্টে টাকা না আসা পর্যন্ত এবং  প্রশাসনের ইতিবাচক পদক্ষেপ না পাওয়া পর্যন্ত তাঁরা লড়াই থেকে পিছু হটবেন না।