শুভদীপ মাহাত, পুরুলিয়া:
বর্তমানে পুরুলিয়া জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের প্রবল চাহিদা চলছে। এরই মাঝে পুরুলিয়া সদর দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন ফরিদা খাতুন নামের এক প্রসূতি। তাঁর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা অত্যন্ত কমে যাওয়ায় জরুরি ভিত্তিতে বিরল 'বি নেগেটিভ' রক্তের প্রয়োজন হয়ে পড়ে।
এই সংকটময় মুহূর্তে ওই প্রসূতির প্রাণ বাঁচাতে এগিয়ে আসে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি বিভাগের ছাত্র তথা এনএসএস স্বেচ্ছাসেবক অভিজিৎ বারাই। হাসপাতালে গিয়ে সে স্বেচ্ছায় নিজের রক্ত দান করে।
রক্তদানের পর একরাশ তৃপ্তি নিয়ে অভিজিৎ বলে, "আমার রক্তে একজনের জীবন বাঁচবে, এর থেকে ভালো আর কী হতে পারে! আমি পুরুলিয়াবাসীদের কাছে অনুরোধ জানাবো, আপনারা এগিয়ে আসুন, রক্ত দান করে মানুষের জীবন দান করুন"।
সঠিক সময়ে রক্তদানের এই মহৎ কাজের সুযোগ করে দেওয়ার জন্য অভিজিৎ বিশেষ ধন্যবাদ জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য কমিটির সদস্য, বিশ্ববিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম কোঅর্ডিনেটর তথা পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডঃ সঞ্জয় মণ্ডল মহাশয়কে। রক্তের আকালের এই সময়ে বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার এমন নিঃস্বার্থ উদ্যোগ নিঃসন্দেহে সমাজের কাছে এক সুন্দর বার্তা দিয়ে গেল।