রাজনীতি ক্রাইম ব্লক

ভোটের পর কাশিপুরে রাজনৈতিক হিংসার বলি তৃণমূল নেতা

ভোটের পরের দিন, পুরুলিয়ায় কোন আসন কে পাবে এ নিয়ে আলোচনা চলছিল কাশিপুর থানার মনিপুর গ্রামের একটি হরি মন্দিরে । আলোচনা থেকে তর্ক, আর তার পর হামলার শিকার হন তৃণমূল নেতা চিত্তরঞ্জন মন্ডল।
ভোটের পর কাশিপুরে রাজনৈতিক হিংসার বলি তৃণমূল নেতা

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:

চিকিৎসা চলাকালীন  মৃত্যু হল  কাশিপুর ব্লকের বড়রা অঞ্চল সভাপতি চিত্তরঞ্জন মন্ডলের (৬১) । বুধবার রাতে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গত ২৪শে এপ্রিল থেকে সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। বিজেপির হামলায় তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তৃণমূল। যদিও সেই অভিযোগ মানতে চায়নি বিজেপি। কাশিপুরের বিজেপি বিধায়ক কমলাকান্ত হাঁসদা বলেন, " মৃত্যু দুঃখজনক। কিন্তু এই ঘটনা রাজনৈতিক নয়। এটি একটি পারিবারিক ঘটনা।"

জানা গিয়েছে,  প্রথম দফার ভোটের পরের দিন, পুরুলিয়ায় কোন আসন কে পাবে এ নিয়ে আলোচনা চলছিল কাশিপুর থানার মনিপুর গ্রামের একটি হরি মন্দিরে । আলোচনা থেকে তর্ক, আর তার পর হামলার শিকার হন চিত্তরঞ্জন মন্ডল। অভিযোগ,দুই বিজেপি কর্মী একটি কাঠ নিয়ে তাঁকে আঘাত করে। দ্রুত তাঁকে  বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে  নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে । সেখানে ১৪ দিন চিকিৎসাধীন থাকার  পর বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।