অন্যান্য

কালবৈশাখীর ছোঁয়ায় কমলো রাতের গরম, তবু দিনে চড়ল পারদ ৩৬ ডিগ্রিতে

বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির জেরে রাতের তাপমাত্রা এক ধাক্কায় ৪.৫ ডিগ্রি কমে গেল। তবে দিনের গরম আবারও তেজ দেখাল। ১৫ মে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২.০ ডিগ্রি।
কালবৈশাখীর ছোঁয়ায় কমলো রাতের গরম, তবু দিনে চড়ল পারদ ৩৬ ডিগ্রিতে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

কয়েক দিনের গুমোট অস্বস্তির পর অবশেষে কিছুটা স্বস্তি ফিরল পুরুলিয়ায়। বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির জেরে রাতের তাপমাত্রা এক ধাক্কায় ৪.৫ ডিগ্রি কমে গেল। তবে দিনের গরম আবারও তেজ দেখাল। ১৫ মে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২.০ ডিগ্রি।

কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, এ দিন জেলার গড় বৃষ্টিপাত হয়েছে ৪.৭৯ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বরাবাজারে—২৯.০ মিমি। বলরামপুরে ১৭.৪ মিমি, জয়পুরে ৭.৬ মিমি, হাতোয়াড়ায় ৩.১ মিমি এবং বাঘমুণ্ডি ও পুঞ্চায় ২.৬ মিমি করে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। জেলার বাকি ব্লকগুলিতে বৃষ্টির দেখা মেলেনি।

মাত্র ২৪ ঘণ্টা আগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি। ঝড়-বৃষ্টির পর তা নেমে এসেছে ২২.০ ডিগ্রিতে। ফলে ভোর ও সকালের আবহাওয়ায় মিলেছে উল্লেখযোগ্য স্বস্তি।

তবে দিনের ছবিটা আলাদা। আকাশ পরিষ্কার হতেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত চড়েছে পারদ। দুপুরে রোদের তেজ যথেষ্ট অনুভূত হয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩৬ ডিগ্রিতে।

আগামী কয়েক দিনেও এমন বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই গরমের মাঝেও হঠাৎ স্বস্তির দেখা মিলতে পারে।