ব্লক

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে পরিণত হলো বিষাদে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে পরিণত হলো বিষাদে। কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিয়ে বাড়ির প্যান্ডেল।
বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে পরিণত হলো বিষাদে

 

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান ও বোরো:

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে পরিণত হলো বিষাদে। কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিয়ে বাড়ির প্যান্ডেল। সকালে ছিল ঘন কুয়াশার আবরণ। সেই আবহাওয়ার আমেজ কাটতে না কাটতেই বিকেলে আচমকাই কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল পুরুলিয়ার একাধিক এলাকা। ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি ধরা পড়ল বোরো থেকে বান্দোয়ান পর্যন্ত। বোরো থানার হরিতামগোড়ায় একটি বিয়ে বাড়ির প্যান্ডেল ঝড়ের দাপটে ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায় সাজসজ্জা। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। একইভাবে বান্দোয়ান এলাকার তালপাত মোড়েও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় একটি বিয়ে বাড়ির প্যান্ডেল। প্রবল হাওয়ার দাপটে বাঁশ ও ত্রিপল ছিঁড়ে ছড়িয়ে পড়ে চারদিকে।
অন্যদিকে, বিকেলের ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে বহু জায়গায় বিদ্যুৎ পরিষেবাও সাময়িকভাবে ব্যাহত হয়। তালপাত গ্রামের মধ্যে ছিঁড়ে পড়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎবাহী তার।
ঝড়ের জেরে বান্দোয়ানের তালপাত মোড় ও মধুপুর গ্রামে রাস্তার উপর ভেঙে পড়ে একাধিক গাছ। ফলে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়ে।  পরে স্থানীয় বাসিন্দারা ও প্রশাসনের কর্মীরা যৌথভাবে গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেন। কয়েক ঘণ্টার চেষ্টার পর স্বাভাবিক হয় যান চলাচল।