নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
গাড়ি চালানোর প্রশিক্ষণের সময়েই রয়েছে হর্ন বাজানোর বিধিনিষেধ। অভিযোগ, সে সব মানেন না বেশিরভাগ গাড়ির চালকেই। ফলে হর্নের দাপটে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। তাই এবার বাসে এয়ার হর্ন ব্যবহারের বিরুদ্ধে জেলা পুলিশের উদ্যোগে বিশেষ আলোচনা শিবির অনুষ্ঠিত হল পুরুলিয়া শহরে । শিবির থেকে জেলা পুলিশ আধিকারিকেরা কঠোরভাবে সরকারি নির্দেশিকা পালনের কথা বলেন। তাছাড়া যেসব গাড়িতে এয়ার হর্ন রয়েছে , তা খুলে দেওয়ার কথা বলা হয়।
শুক্রবার আলোচনা শিবিরে ছিলেন পুরুলিয়া বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা, পুরুলিয়া ট্রাফিক উইং এর পুলিশকর্মী ও সদস্য বৃন্দ, পুরুলিয়া আরটিও-র প্রতিনিধি দল।
যদিও হর্ন বাজানো নিয়ে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কড়া বিধিনিষেধ রয়েছে। বাজি পটকা ফাটানোর ক্ষেত্রে যেমন ৯০ ডেসিবেলের নিচে শব্দমাত্রা থাকার কথা, তেমনিই প্রকাশ্য স্থানে ৪৫ ডেসিবেলের উপরে হর্ন বাজানোর নিয়ম নেই। এতদিন নিয়ম তেমন কার্যকর না হলেও, এবার কঠোরভাবে নিয়ম মেনে চলতে হবে গাড়ির চালকদের, সেই সতর্কবার্তাই দিয়েছে পুলিশ।