রাজনীতি

দুচাকার গাড়ি বা ফ্রিজ থাকলে রেশন বাতিল! এমন প্রচার'গুজব' বলে দিলেন মন্ত্রী

বাড়িতে দু’চাকার গাড়ি বা ফ্রিজ থাকলেই রেশন কার্ড বাতিল হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই সংক্রান্ত যাবতীয় খবরকে স্রেফ ‘গুজব’ এবং ‘ভাঁওতাবাজি’ বলে উড়িয়ে দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া ।
দুচাকার গাড়ি বা ফ্রিজ থাকলে রেশন বাতিল! এমন প্রচার'গুজব' বলে দিলেন মন্ত্রী

 

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

বাড়িতে দু’চাকার গাড়ি বা ফ্রিজ থাকলেই রেশন কার্ড বাতিল হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই সংক্রান্ত যাবতীয় খবরকে স্রেফ ‘গুজব’ এবং ‘ভাঁওতাবাজি’ বলে উড়িয়ে দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া । পুরুলিয়া সফরে এসে মন্ত্রী সাফ জানান, "খাদ্য দপ্তর থেকে খুব শীঘ্রই একটি নির্দেশিকা প্রকাশ করা হবে। তবে যাদের প্রকৃত রেশনের প্রয়োজন, তাঁদের কাউকেই এই ব্যবস্থার বাইরে রাখা হবে না"।
গুজব উড়িয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করার বার্তা দিয়ে মন্ত্রী বলেন, "সোশ্যাল মিডিয়ায় ভিউ বাড়াতে এবং নতুন সরকারকে কালিমালিপ্ত করতে একশ্রেণির মানুষ বিভ্রান্তিকর ন্যারেটিভ প্রচার করছে।" তিনি আরও বলেন," যাদের সত্যিই ন্যায্য রেশনের দরকার, তাঁদের রেশন বন্ধের কোনো প্রশ্নই নেই। তবে যাঁরা বড় সরকারি পদে চাকরি করছেন এবং স্বচ্ছল, পশ্চিমবঙ্গ তথা দেশের উন্নয়নের স্বার্থে তাঁদের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা নিজের থেকেই রেশন পরিষেবা ছেড়ে দিন, যাতে প্রকৃত অভাবী মানুষ সঠিক সুবিধা পান। " ভুল তথ্য ও গুজব রটনাকারীদের বিরুদ্ধে উপযুক্ত সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট জানান।
 
ধান কেনা এবং মধ্যস্বত্বভোগীদের দাপট রুখতে মিল মালিকদের সাথে একাধিক বৈঠকের পর সরকারের অবস্থান স্পষ্ট করেছেন খাদ্যমন্ত্রী। "সরকারের নির্ধারিত ২৪৪১ টাকার সাথে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি কুইন্টালে ২০০ টাকা অতিরিক্ত ভর্তুকি দিয়ে ধান কেনা হবে। ভবিষ্যতে উড়িষ্যা বা ছত্তিশগড়ের মতো ধানের দাম ৩১০০ টাকায় নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য।" বলেন মন্ত্রী।

"বিগত দিনে যাঁরা ধান কেনাবেচায় নিজের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দিয়ে দুর্নীতির অংশীদার হয়েছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।" এমন হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী জানান, "শুধু মধ্যস্বত্বভোগী বা দালাল নয়, দুর্নীতিতে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়া ব্যক্তিকেও সমপরিমাণ শাস্তির মুখে পড়তে হবে।"
সঠিক চাষি যেন তাঁর ফসলের সঠিক মূল্য পান এবং আমজনতার কাছে গুণমানসম্পন্ন চাল পৌঁছায় সরকার সেই লক্ষ্যেই কাজ করছে বলে তিনি আশ্বস্ত করেন।