নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বৃহস্পতিবারের নিম্নচাপ শক্তি বাড়িয়ে আরও গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঝাড়খন্ডের দিকে এগোচ্ছে। পুরুলিয়ায় কমলা সতর্কতা জারি। স্বাধীনতা দিবসের আগে ফের চোখ রাঙাচ্ছে আবহাওয়া। বৃহস্পতিবার পুরুলিয়ায় ভারী বৃষ্টির পাশাপাশি গভীর নিম্নচাপের প্রভাবও স্পষ্ট হয়েছে। কৃষি দফতরের হিসেব অনুযায়ী, ১৩ আগস্ট জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ১৮.৫৯ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বাঘমুন্ডিতে, ৩৮.২ মিলিমিটার। বলরামপুরে ২৯.২, বরাবাজারে ২৮, পাড়ায় ২৬.৪, মানবাজারে ২০.৩ এবং হুড়ায় ২০.২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।
এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় নেমে হয়েছে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৫.০ ডিগ্রি। ফলে টানা বৃষ্টিতে দিনের তাপমাত্রা অনেকটাই কমেছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। এর প্রভাবে পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ায় কমলা সতর্কতাও জারি হয়েছে।
ফলে শনিবার, স্বাধীনতা দিবসের দিন পুরুলিয়ায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা থাকায় বিভিন্ন সরকারি-বেসরকারি অনুষ্ঠান নিয়ে তৈরি হয়েছে সংশয়। খোলা মাঠে পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা-সহ নানা কর্মসূচি বৃষ্টির কারণে ব্যাহত হতে পারে। তবে বৃষ্টির সঠিক প্রভাব স্থানভেদে আলাদা হতে পারে।
উল্লেখযোগ্য বিষয়, ১৩ আগস্টের ১৮.৫৯ মিলিমিটার বৃষ্টি পুরুলিয়ার চলতি বর্ষার ঘাটতি পূরণে কিছুটা সাহায্য করলেও, একদিনের ভারী বৃষ্টিতে দীর্ঘমেয়াদি ঘাটতি পুরোপুরি মিটবে না। আগামী কয়েক দিনের বৃষ্টিই এখন জেলার কৃষি পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ।