নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
ইউনিফর্ম খুলে ফেললেও দেশের প্রতি দায়বদ্ধতা যে শেষ হয় না, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পুরুলিয়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত হাবিলদার অনুপ কুমার মাহাতো। ভারতীয় সেনাবাহিনীর পোশাক ছেড়েছেন বছর কয়েক আগে, কিন্তু সেবার মনোভাব ছেড়ে যাননি। সীমান্তে দেশরক্ষার পাশাপাশি অবসর গ্রহণের পর সাধারণ মানুষের সেবায় নিজেদের সমর্পণ করার স্বীকৃতিস্বরূপ ভারতীয় সেনাবাহিনীর মর্যাদাপূর্ণ 'যোদ্ধা সেবা সম্মান' এ ভূষিত হলেন তিনি।
সেনা জীবন থেকে অবসর গ্রহণের পর থেকেই তিনি নিঃস্বার্থভাবে পুরুলিয়া শহরের জে কে কলেজ ময়দানে এলাকার যুবক-যুবতীদের সেনাবাহিনী ও বিভিন্ন নিরাপত্তা বাহিনীতে যোগদানের জন্য শারীরিক ও অন্যান্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে আসছেন।
অনুপবাবুর এই নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ এখনও পর্যন্ত প্রায় ৪০০ জন তরুণ-তরুণী ভারতীয় সেনাবাহিনী সহ বিভিন্ন সরকারি ও গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছেন। এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে দেশের সেবায় যুক্ত করতে তাঁর এই পথপ্রদর্শক ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
সম্প্রতি দিল্লির সেনা প্রধান কার্যালয়ে আয়োজিত এক জমকালো বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ দেশের নির্বাচিত তিন প্রবীণ অবসরপ্রাপ্ত সেনাকর্মীর হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেন। পুরুলিয়া জেলাকে গর্বিত করা অনুপ কুমার মাহাতোর পাশাপাশি এই তালিকায় রয়েছেন পাঞ্জাবের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল বিএমএস বেইন্স এবং আসামের অবসরপ্রাপ্ত নায়েব সুবেদার খগেন চন্দ্র দাস।
ভারতীয় সেনার মূল মন্ত্রই হলো নিঃস্বার্থ সেবা। এই প্রবীণ সৈনিকেরা অবসর জীবনের পরও সমাজ উন্নয়নে যেভাবে নিজেদের যুক্ত রেখেছেন, তা দেশ ও তরুণ প্রজন্মের কাছে এক উজ্জ্বল অনুপ্রেরণা। পুরুলিয়ার দুবড়া-নডিহা এলাকার নিউ হিল ভিউ কলোনির এই কৃতি সন্তানকে ঘিরে গোটা জেলাজুড়ে গর্বের আবহ তৈরি হয়েছে।