নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে সম্প্রতি ঘটে যাওয়া তাণ্ডব, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে পুরুলিয়া শহরে প্রতিবাদ সভা করল বামপন্থী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি এবং নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি । শিক্ষা চত্বরে ক্রমাগত হিংসার আবহ তৈরির প্রতিবাদে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
শনিবার প্রতিবাদ সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে হিংসাত্মক কার্যকলাপ চালানো, ঐতিহাসিক স্মারক ক্ষতিগ্রস্ত করা এবং ছাত্র সংগঠনের ওপর হামলার ঘটনাকে 'পরিকল্পিত সন্ত্রাস' বলে তীব্র নিন্দা জানান তাঁরা। সংগঠনগুলির নেতৃবৃন্দের অভিযোগ, মুক্তচিন্তা ও যুক্তিবাদী ভাবধারাকে স্তব্ধ করতেই বারবার এই ধরনের হামলা চালানো হচ্ছে।
প্রতিবাদ সমাবেশের মূল বক্তব্যগুলি হল,
বক্তাদের দাবি, বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশী আন্দোলনের ঐতিহ্যকে লালন করার বিরোধ এবং রাষ্ট্রীয় নীতির সমালোচনা করার অধিকারকে দমন করতেই এই আক্রমণ। যাদবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত না হওয়া সত্ত্বেও স্থানীয় এক বিধায়কের এই ঘটনার সময় উপস্থিতি ও ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষক নেতারা। তাঁদের মতে, এই ধরনের ঘটনা কেবল বিচ্ছিন্ন কিছু নয়, বরং পরোক্ষ প্রশাসনিক সহায়তারই ইঙ্গিত।
ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত দোষীদের অবিলম্বে চিহ্নিত করে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়েছে।
এবিপিটিএ-র জেলা সভাপতি জিতেন ওঝার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা ব্যোমকেশ দাস, দীপক মন্ডল এবং মহসিন খান। শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা ও সন্ত্রাসের বিরুদ্ধে এলাকার সমস্ত সচেতন নাগরিককে একজোট হওয়ার আহ্বান জানান বক্তারা।