ক্রাইম শহর

ফ্রি রিচার্জ ফাঁদে পড়বেন না, বার্তা এসপি-র

নতুন সরকার গঠনের আনন্দে চালু হয়েছে বিশেষ ‘ফ্রি রিচার্জ’ প্রকল্প—যেখানে ৭৪৯ টাকার তিন মাসের মোবাইল রিচার্জ নাকি মিলবে সম্পূর্ণ বিনামূল্যে। শর্ত একটাই, দেওয়া লিংকে ক্লিক করতে হবে।
ফ্রি রিচার্জ ফাঁদে পড়বেন না, বার্তা এসপি-র

 

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণার পরেই রাজ্যজুড়ে ছড়াচ্ছে নতুন সাইবার প্রতারণার ফাঁদ। ‘ফ্রি রিচার্জ’-এর লোভ দেখিয়ে হোয়াটসঅ্যাপে ঘুরছে ভুয়ো বার্তা, আর তাতেই বিপাকে পড়তে পারেন সাধারণ মানুষ।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরপরই রাজ্যের বিভিন্ন প্রান্তে মোবাইল ব্যবহারকারীদের কাছে পৌঁছাচ্ছে অচেনা নম্বর থেকে পাঠানো সন্দেহজনক মেসেজ। তাতে দাবি করা হচ্ছে, নতুন সরকার গঠনের আনন্দে চালু হয়েছে বিশেষ ‘ফ্রি রিচার্জ’ প্রকল্প—যেখানে ৭৪৯ টাকার তিন মাসের মোবাইল রিচার্জ নাকি মিলবে সম্পূর্ণ বিনামূল্যে। শর্ত একটাই, দেওয়া লিংকে ক্লিক করতে হবে।

তবে প্রশাসন এই দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে। পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানিয়েছেন, "সম্প্রতি এমন মেসেজের কথা আমরা শুনেছি।" তাঁর কথায়, “সরকার বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ ধরনের কোনও স্কিম ঘোষণা করা হয়নি।”

এসপি বলেন, এই ধরনের লিংকে ক্লিক করলেই হাতিয়ে নেওয়া হতে পারে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, ব্যাংক সংক্রান্ত তথ্য, পাসওয়ার্ড বা অন্যান্য জরুরি তথ্য। ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন তিনি। অচেনা নম্বর থেকে আসা কোনও লিংক বা লোভ দেখানো অফারে সাড়া না দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, এ ধরনের বার্তা পেলে দ্রুত নিকটবর্তী সাইবার ক্রাইম থানায় জানান। পাশাপাশি, সচেতনতা বাড়াতে এই সতর্কবার্তা অন্যদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার আবেদন করেছে প্রশাসন।