রাজনীতি ব্লক

নন্দীগ্রামের ক্ষোভের আঁচে পুরুলিয়ার কোটশিলায় আন্দোলনে কংগ্রেস

ঘটনার নেপথ্যে বিজেপির হাত দেখছে কং শিবির। জেলা কংগ্রেস সভাপতি ফণীভূষণ কুমারের বক্তব্য, "নন্দীগ্রামের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানানোর কথা বলতেই চরম অস্বস্তিতে পড়ে বিজেপি"।
নন্দীগ্রামের ক্ষোভের আঁচে পুরুলিয়ার কোটশিলায় আন্দোলনে কংগ্রেস

 

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ও অবজার্ভার শুভাশিস ভট্টাচার্যকে এক পুরনো মামলায় গ্রেপ্তারির ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়েছে পুরুলিয়া জেলা কংগ্রেসের অন্দরে। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে শনিবার পুরুলিয়ার কোটশিলায় সরব হন দলীয় কর্মী-সমর্থকেরা। ধিক্কার সভার পাশাপাশি পুরুলিয়া-রাঁচি জাতীয় সড়ক সাময়িকভাবে অবরুদ্ধ করে বিক্ষোভ দেখায় জেলা কংগ্রেস।

ঘটনার নেপথ্যে বিজেপির হাত দেখছে কং শিবির। জেলা কংগ্রেস সভাপতি ফণীভূষণ কুমারের বক্তব্য, "নন্দীগ্রামের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানানোর কথা বলতেই চরম অস্বস্তিতে পড়ে বিজেপি"। তাঁর অভিযোগ, বিরোধী ঐক্য ও প্রার্থীর জনপ্রিয়তা দেখে পিছু হটতে বাধ্য হওয়া গেরুয়া শিবির চক্রান্তের পথ বেছে নিয়েছে। তারই ফলশ্রুতি হিসেবে এই দমনমূলক গ্রেপ্তার।

অন্যদিকে, প্রশাসন ও রাজ্য পুলিশের তরফে চক্রান্তের সমস্ত দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশের সাফ বক্তব্য, এটি কোনো রাজনৈতিক ঘটনা নয়। মিলন প্রধানের বিরুদ্ধে আদালতের পুরনো গ্রেপ্তারি পরোয়ানা  জারি ছিল, পুলিশ কেবল আইনি বিধি মেনেই সেই পরোয়ানা তামিল করে তাঁকে হেফাজতে নিয়েছে।

শনিবারের এই পথ অবরোধের জেরে পুরুলিয়া-রাঁচি রুটে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও, কর্মসূচি শেষে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। তবে কংগ্রেস নেতৃত্বের স্পষ্ট হুঁশিয়ারি বিরোধীদের কণ্ঠরোধ করার এই রাজনৈতিক চেষ্টার বিরুদ্ধে এখনই আন্দোলন থামছে না। আগামী দিনে আরও বৃহত্তর প্রতিবাদের রূপরেখা তৈরি করা হচ্ছে।

এদিনের প্রতিবাদ কর্মসূচিতে ফণিভূষণ কুমার ছাড়াও সামনের সারিতে ছিলেন রাজ্য কমিটির প্রতিনিধি নিরঞ্জন রজক, জেলা যুব কংগ্রেসের সহ-সভাপতি সুরজ সিংহ, আইএনটিইউসি জেলা সভাপতি নির্মল কুমার সহ একাধিক শীর্ষ নেতৃত্ব।