সাধারণ খবর শহর

বুলডোজার অভিযানে এবার সাফ পুরুলিয়ার কোর্ট রোড

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, শহরের যানজট দমনে এবং রাস্তা সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তুলতেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আগামীদিনেও এই ধরণের বেআইনি দখলদারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া বজায় থাকবে।
বুলডোজার অভিযানে এবার সাফ পুরুলিয়ার কোর্ট রোড

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

ফের উচ্ছেদ অভিযান। এবার উচ্ছেদ চালানো হলো  বুধবার পুরুলিয়া শহরের অন্যতম ব্যস্ত এলাকা কোর্ট রোডে।
প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার নামিয়ে রাস্তার দুপাশের সমস্ত অবৈধ দখলদারি ও অস্থায়ী দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। এই  অভিযানের জেরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

অভিযান চলাকালীন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। অভিযানের তদারকিতে  উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। 
তাঁর নেতৃত্বেই পুলিশ বাহিনী পুরো এলাকাটি ঘিরে রেখে বুলডোজার অপারেশন সম্পন্ন করে।

বুলডোজারের সাহায্যে একের পর এক অবৈধ শেড, দোকান ও ফুটপাত দখল করে থাকা কাঠামো ভেঙে ফেলার সময় এলাকায় এক থমথমে পরিবেশের সৃষ্টি হয়। উচ্ছেদকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা গেলেও, পুলিশের বিশাল উপস্থিতির কারণে কেউ সরাসরি বাধা দেওয়ার সাহস পাননি। তবে বুধবার এই অভিযানের পর থেকে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ থমথমে। উচ্ছেদ হওয়া ব্যবসায়ী বা স্থানীয় সাধারণ মানুষ কারও মুখেই কোনো মন্তব্য শোনা যায়নি, যেন গোটা এলাকা জুড়ে এক অঘোষিত 'মুখে কুলুপ' দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

শহরবাসী রাজেশ দত্ত বলেন, "ভালোই লেগেছে। পরিষ্কার লেগেছে সব। ভাবলাম বেল্ট কিনব, দেখছি দোকানটাই নেই"।