সাধারণ খবর ব্লক

পথ হারানো শিশুকে পরিবারের হাতে ফিরিয়ে দিল বান্দোয়ান থানা

বাজার এলাকায় ঘুরে বেড়াচ্ছিল বছর দশেকের এক শিশু। পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সে বুঝতে পেরে তাকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল বান্দোয়ান থানার পুলিশ।
পথ হারানো শিশুকে পরিবারের হাতে ফিরিয়ে দিল বান্দোয়ান থানা

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :

বাজার এলাকায় ঘুরে বেড়াচ্ছিল বছর দশেকের এক শিশু। পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সে বুঝতে পেরে তাকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল বান্দোয়ান থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বান্দোয়ান বাজার এলাকায় টহলদারি চলাকালীন এক শিশুকে একা ঘোরাঘুরি করতে দেখেন থানার মোবাইল ভ্যানের কর্মীরা। জিজ্ঞাসাবাদে শিশুটি নিজের নাম বিশ্বজিৎ শবর বলে জানায়। সে বোরো থানার আঁকরো গ্রামের বাসিন্দা রঞ্জিত শবরের ছেলে। শিশুটি জানায়, সে পথ হারিয়ে ফেলেছে।

এর পর শিশুটির নিরাপত্তার কথা মাথায় রেখে তাকে বান্দোয়ান থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে থানার ‘চাইল্ড ফ্রেন্ডলি কর্নার’-এ তার দেখভালের ব্যবস্থা করা হয়। পাশাপাশি পরিবারের সদস্যদের খোঁজ শুরু করে পুলিশ। অনুসন্ধানে জানা যায়, শিশুটির পরিবারের সদস্যেরা কাজের সূত্রে বান্দোয়ান বাজার এলাকায় এসেছিলেন।

খবর পেয়ে পরিবারের সদস্যেরা থানায় পৌঁছান। পুলিশি যাচাইয়ের পর তাঁরা শিশুটিকে শনাক্ত করেন। শিশুটিও পরিবারের সদস্যদের চিনতে পারে। সমস্ত পরিচয় নিশ্চিত হওয়ার পর বিশ্বজিৎকে তার পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। শিশুকে নিরাপদে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন পরিবারের সদস্যেরা।