অন্যান্য ব্লক

জঙ্গলমহলের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে উদ্যোগী বান্দোয়ানের বিধায়ক লবসেন বাস্কে

নির্বাচনের ফলপ্রকাশের রেশ কাটতে না প্রতিশ্রুতি পূরণে বিশেষ পদক্ষেপ নিলেন বান্দোয়ান বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক লবসেন বাস্কে।
জঙ্গলমহলের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে উদ্যোগী বান্দোয়ানের বিধায়ক লবসেন বাস্কে

 


নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

নির্বাচনের ফলপ্রকাশের রেশ কাটতে না প্রতিশ্রুতি পূরণে বিশেষ পদক্ষেপ নিলেন বান্দোয়ান বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক লবসেন বাস্কে। এলাকার দীর্ঘদিনের জরাজীর্ণ স্বাস্থ্য পরিষেবাকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব গ্রহণের আগেই বুধবার ও বৃহস্পতিবার টানা দুই দিন বিধানসভা এলাকার তিনটি ব্লকের গ্রামীণ হাসপাতালগুলি ঘুরে দেখেন তিনি। মানুষ যাতে সঠিক চিকিৎসা পান, তা নিশ্চিত করাই এখন তাঁর প্রধান উদ্দেশ্য। 
বান্দোয়ান বিধানসভা এলাকার বরাবাজার, বারি এবং বান্দোয়ান—এই তিনটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল তিনটি ব্লকের কয়েক লক্ষ মানুষ। দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে আসছিলেন যে, এই হাসপাতালগুলিতে ভয়াবহ পরিকাঠামোর অভাব। আছে চিকিৎসা সংকটও। নির্বাচনের আগে বিজেপি প্রার্থীর প্রতিশ্রুতি ছিলো স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজাবেন তিনি।
সেই প্রতিশ্রুতিকে গুরুত্ব দিয়ে  বুধবার সন্ধ্যায় প্রথমে বরাবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন লবসেন বাস্কে। এরপর বৃহস্পতিবার সকালে তিনি পৌঁছে যান বারি এবং বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে।
ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে চিকিৎসাধীন রোগী এবং তাঁদের পরিজনদের সঙ্গে কথা বলেন বিধায়ক। পরিষেবার মান নিয়ে সরাসরি খোঁজখবর নেন তাঁদের থেকে।
বান্দোয়ানের নবনির্বাচিত বিধায়ক লবসেন বাস্কে বলেন,"মানুষ আমাকে ভোট দিয়েছেন পরিষেবার উন্নতির আশায়। তাই ফলপ্রকাশের তিন দিনের মধ্যেই আমি হাসপাতালগুলো ঘুরে দেখার সিদ্ধান্ত নিয়েছি। কোথায় কী সমস্যা আছে, তা আমি নিজের চোখে দেখলাম । আগামী দিনে জঙ্গলমহলের এই অঞ্চলের স্বাস্থ্যের হাল ফেরাতে আমি আমার সাধ্যমতো সব রকম চেষ্টা চালাব।"