নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
রাজ্যে পরিবর্তন হতেই তোড়াং স্টেশনের পরিকাঠামো উন্নয়ন নিয়ে উদ্যোগী হলেন বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাতো। শনিবার দক্ষিণ পূর্ব রেলওয়ে-র ঝাড়খণ্ডের রাঁচি ডিভিশনের ডিআরএম
করুণানিধি সিং-কে নিয়ে ওই স্টেশন ঘুরে দেখেন তিনি। সাথে ছিলেন বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী শঙ্কর মাহাতো। ফুট ওভারব্রিজ ছাড়াও ওই স্টেশনের পরিকাঠামো উন্নয়নে কী কী প্রয়োজন তা ঘুরে খতিয়ে দেখেন ডিআরএম।
এদিন বিধায়ক রহিদাস মাহাতো বলেন, "এই স্টেশনে ফুটওভারব্রিজ সহ স্টেশনটির সার্বিক উন্নয়নের পরিকল্পনা রয়েছে। সেই বিষয় নিয়েই ডিআরএম-র সঙ্গে আলোচনা হয়। "
জানা গিয়েছে,ওই স্টেশনের সামনে প্রায় বুজে যাওয়া একটি কালভার্ট দ্রুত সংস্কারের নির্দেশ দিয়ে যান ডিআরএম।পাশাপাশি স্টেশন জুড়ে পর্যাপ্ত আলো এবং বিকল সিসি ক্যামেরাগুলোকে দ্রুত সক্রিয় করা হবে বলে বিধায়ককে আশ্বাস দেন ডিআরএম।
প্রসঙ্গত তৃণমূলের জমানায় নো অবজেকশন না মেলায় তোড়াং স্টেশনে ফুটওভারব্রিজ বা আন্ডারপাস-র কাজ শুরু করা যায়নি। ডবল ইঞ্জিনের সরকার হতেই সেই উদ্যোগ নেওয়া হল ।