নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া ও রঘুনাথপুর:
অন্নপূর্ণা যোজনার বকেয়া টাকা না মেলায় এবং পোর্টালের স্ট্যাটাসে রিজেক্ট দেখানোর প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নিল পুরুলিয়া ও রঘুনাথপুর। বৃহস্পতিবার রঘুনাথপুর মহকুমা শাসক দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ দেখান এলাকার শতাধিক বঞ্চিত মহিলা। একই সঙ্গে রঘুনাথপুর- সাঁওতালডিহি রাজ্য সড়ক অবরোধ করে চলায় স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনা শুরুর পর মাত্র এক মাসের টাকা পেয়েছিলেন অনেকে। কিন্তু তারপর থেকেই হঠাৎ করে টাকা ঢোকা বন্ধ হয়ে যায়। সম্প্রতি অনলাইনে অ্যাকাউন্টের স্ট্যাটাস চেক করতেই দেখা যায় তা রিজেক্ট করে দেওয়া হয়েছে। মহিলাদের অভিযোগ," সমস্ত রকম যোগ্যতা থাকা সত্ত্বেও প্রশাসন তাদের অন্যায়ভাবে বঞ্চিত করছে। ইতিপূর্বে বহুবার স্থানীয় ব্লক ও মহকুমা প্রশাসনের দুয়ারে কড়া নাড়লেও মেলেনি কোনো সমাধান। বাধ্য হয়েই তারা আজ পথে নামার সিদ্ধান্ত নেন"।
বিক্ষোভ ও পথ অবরোধের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথপুর থানার পুলিশ বাহিনী। আন্দোলনকারীদের সাথে কথা বলে অবরোধ তোলার চেষ্টা চালানো হয়। তবে আন্দোলনরত মহিলাদের স্পষ্ট দাবি,যতক্ষণ না তাদের প্রাপ্য টাকা দেওয়ার এবং অ্যাকাউন্ট চালুর লিখিত আশ্বাস দেওয়া হচ্ছে, ততক্ষণ তারা পথ ছাড়বেন না। দীর্ঘক্ষণ অবরোধ চলায় সড়কের দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে অসংখ্য যান, তীব্র সমস্যায় পড়েন সাধারণ যাত্রীরা।