নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
নেশায় বুঁদ হয়ে থাকলে উন্নয়নের সুযোগ হবে হাতছাড়া। ঝাড়খণ্ড সীমান্তের সেঁওয়াতি পাহাড়ের কোলে বিরহোড় অধ্যুষিত মহুলটাড় গ্রাম। সেখানেই খাটিয়া বৈঠকে বসে এ ভাবেই গ্রামবাসীদের সতর্ক করলেন ঝালদার এসডিপিও গৌরব ঘোষ। আসলে এই বিলুপ্ত প্রায় বিরহোড় জনজাতি অধ্যুষিত গ্রামে অধিকাংশ পুরুষ নেশার কবলে। সরকার তাদের জন্য কী কী সুযোগ সুবিধার ব্যবস্থা রেখেছে, সে সম্বন্ধে বিন্দুমাত্র ধারণাই নেই তাদের। ফলে কী ভাবে আবেদন করতে হয়, তাও অজানা। এই বিষয়টি এদিনের খাটিয়া বৈঠকে গুরুত্ব পায়।
পুরুলিয়ার পুলিশ সুপার কুমার শানি রাজের নির্দেশে বিভিন্ন প্রত্যন্ত গ্রামে নিয়মিত আয়োজিত হচ্ছে খাটিয়া বৈঠক নামে এই জনসংযোগ কর্মসূচি। সেই কর্মসূচিতেই মহুলটাঁড়ে নেশামুক্ত জীবনযাপন, বাল্যবিবাহ রোধ, মানব পাচার প্রতিরোধ, সাইবার প্রতারণা সম্পর্কে সতর্কতা, নারী ও শিশু সুরক্ষা এবং শিক্ষার গুরুত্ব নিয়ে সরাসরি কথা বলেন এসডিপিও। ভিন্রাজ্যে কাজের খোঁজে গিয়ে যাতে কেউ প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সচেতন করা হয় এদিনের বৈঠকে। মানব পাচারের ফাঁদ এড়াতে অচেনা ব্যক্তি বা সংস্থার প্রলোভনে পা না দেওয়ার পরামর্শও দেওয়া হয়। পাশাপাশি সাম্প্রতিক সময়ে বেড়ে চলা সাইবার প্রতারণা সম্পর্কে সতর্ক করে দেওয়া হয় গ্রামের বাসিন্দাদের।
এসডিপিও বলেন, "কোনও সমস্যা বা বিপদের মুখে পড়লে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করাই সবচেয়ে জরুরি।" সে দিকে লক্ষ রেখে গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয় জরুরি ফোন নম্বর-সহ ইনফরমেশন স্লিপ। পুরুলিয়ায় কাজে যোগ দিয়ে এই ব্যবস্থা চালু করেছেন পুলিশ সুপার কুমার শানি রাজ। প্রশাসনের আশা, এ ধরনের সরাসরি জনসংযোগ কর্মসূচি একদিকে যেমন সচেতনতা বাড়াবে, অন্যদিকে তেমনই প্রান্তিক জনজাতি এলাকার সঙ্গে প্রশাসনের যোগাযোগও আরও মজবুত করবে।