নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
নগদ টাকা, সোনার গয়না এমনকি বাদ গেল না দামি পোশাকও। রাতের অন্ধকারে শিক্ষকের ফাঁকা বাড়িতে চুরির ঘটনা। পুরুলিয়া শহরের বুকে ঘটে যাওয়া ঘটনায় নগদ তিরিশ হাজার টাকা, সোনার অলংকার এমনকি ব্র্যান্ডেড পোশাকও নিয়ে পালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা।
পুরুলিয়ার জেকে কলেজ রোডের পুরাতন পুলিশ লাইনের বাসিন্দা পুরুলিয়া জেলা স্কুলের শিক্ষক মহম্মদ আলাউদ্দিন পুলিশকে জানিয়েছেন, গত রবিবার বিহারের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। ফলে বাড়িতে কেউ ছিল না। মঙ্গলবার ভোরে বাড়ি ফিরে দেখেন ঘরের জিনিসপত্র তছনছ করা রয়েছে। আলমারি ভাঙা। খোয়া গিয়েছে নগদ ৩০ হাজার টাকা, সোনার গয়না এবং বেশ কিছু দামি পোশাক।
ঘটনার পরেই পুরুলিয়া সদর থানায় অভিযোগ দায়ের করেন ওই শিক্ষক। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।