নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
অবৈধ বালি খনন, মজুত এবং পরিবহনের বিরুদ্ধে জেলা জুড়ে একটি বিশাল যৌথ অভিযান চালাল পুরুলিয়া জেলা পুলিশ ও অসামরিক প্রশাসন । শনি ও রবিবার দুই দিনের এই বিশেষ অভিযানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৯০,০০০ ঘনফুটেরও বেশি বালি বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, ঝালদা, রঘুনাথপুর এবং মানবাজার মহকুমা সহ পুরুলিয়া শহর এলাকার একাধিক গোপন ডেরা ও গুরুত্বপূর্ণ রাস্তায় এই অভিযান চালানো হয়। পুরুলিয়া জেলা পুলিশের সাথে সংশ্লিষ্ট ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের প্রতিনিধি দল অভিযানে অংশ নেয়।
ঘটনায় সংশ্লিষ্ট ভূমি ও রাজস্ব দপ্তরের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আধিকারিকরা জানিয়েছেন, অবৈধ বালি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে পুলিশ ও প্রশাসনের এই ধরনের সমন্বিত ও কড়া অভিযান ভবিষ্যতেও লাগাতার জারি থাকবে।
জানা গিয়েছে বাজেয়াপ্ত করা বিশাল পরিমাণ এই বালি সরকারিভাবে নিলামের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। স্থানীয়দের আশা, এই বালি দ্রুত নিলাম হয়ে বাজারে এলে জেলায় বালির ঘাটতি অনেকটাই দূর হবে এবং সাধারণ মানুষের জন্য বালির প্রাপ্যতা বৃদ্ধি পাবে।
পুরুলিয়ায় বালি পাচার পুরোপুরি বন্ধ করার পাশাপাশি সাধারণ মানুষের জন্য বালির পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন জোগান নিশ্চিত করতে জেলা পুলিশ অসামরিক প্রশাসনকে সবরকমভাবে সহযোগিতা ও সুরক্ষা প্রদান করছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।