অন্যান্য

রাতের পারদ ২৮.৫ ডিগ্রি, ভোরেও মিলছে না স্বস্তি, ভ্যাপসা গরমে কাহিল পুরুলিয়া

দিনের দাবদাহের সঙ্গে এখন সমান পাল্লা দিচ্ছে রাতের গরমও। ২৬ মে পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা উঠে দাঁড়িয়েছে ২৮.৫ ডিগ্রিতে। বৃষ্টিপাত হয়নি।
রাতের পারদ ২৮.৫ ডিগ্রি, ভোরেও মিলছে না স্বস্তি, ভ্যাপসা গরমে কাহিল পুরুলিয়া

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

দিনের দাবদাহের সঙ্গে এখন সমান পাল্লা দিচ্ছে রাতের গরমও। ২৬ মে পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা উঠে দাঁড়িয়েছে ২৮.৫ ডিগ্রিতে। বৃষ্টিপাত হয়নি।

এ মরশুমে রাতের তাপমাত্রা এতটা উপরে ওঠায় কার্যত স্বস্তিহীন পরিস্থিতি তৈরি হয়েছে জেলায়। গভীর রাতেও গরম ও গুমোট অস্বস্তি এতটাই বেশি যে বহু মানুষের ঘুমোতে সমস্যা হয়েছে। ভোরের দিকেও বাতাসে শীতলতার ছোঁয়া নেই।

সকাল থেকেই আকাশ ছিল অস্বচ্ছ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়েছে রোদের তেজ। তবে শুধু তাপমাত্রা নয়, বাতাসে অত্যধিক জলীয় বাষ্পই পরিস্থিতিকে আরও অসহনীয় করে তুলেছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে ‘রিয়েল ফিল’ বা অনুভূত তাপমাত্রা ৪৮ ডিগ্রির আশপাশে পৌঁছে যাচ্ছে।

দুপুরের দিকে শহর ও গ্রাম—দুই জায়গাতেই কার্যত জনজীবন স্তব্ধ হয়ে পড়ে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোতে চাইছেন না অনেকেই। ঠান্ডা পানীয়, লস্যি, শরবত ও ডাবের জলের দোকানগুলিতে ভিড় চোখে পড়ার মতো।

চিকিৎসকদের সতর্কবার্তা, এই ধরনের আবহাওয়ায় হিট স্ট্রোক, ডিহাইড্রেশন এবং শরীর থেকে অতিরিক্ত নুন বেরিয়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই বাড়ে। বিশেষ করে প্রবীণ, শিশু এবং যাঁরা দীর্ঘ সময় রোদে কাজ করছেন, তাঁদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া মহলের পূর্বাভাস, বুধবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে।তাতেও অস্বস্তি কাটবে না।