নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টিতে ভিজল পুরুলিয়া। কৃষি দফতরের হিসেব অনুযায়ী, ২৪ আগস্ট জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ২০.১৯ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কাশিপুরে—৪৫.৪ মিমি। জয়পুরে ৩৩.৬, ঝালদায় ২৫.২, হুড়ায় ২৫.৪, নিতুড়িয়ায় ২০.৪ এবং মানবাজারে ২০.৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।
এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.৯ ডিগ্রি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৫ আগস্ট পুরুলিয়া-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
গত কয়েক দিনের বৃষ্টিতে পুরুলিয়ার বৃষ্টির ঘাটতি ইতিমধ্যেই অনেকটাই কমেছে। নতুন করে এই বৃষ্টি সেই ঘাটতি আরও কমাতে সাহায্য করবে বলেই আশা।